প্রতিনিধিত্বমূলক ছবি।
ইন্ডিগোর ৬ই২১১১ বিমান উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দর ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগেই মিলল হুমকিবার্তা। বিমানের শৌচাগারে একটি টিস্যু পেপারে লেখা ছিল, ‘বোমা রাখা আছে’। শৌচাগার থেকে সেই নোট উদ্ধার হতেই হুলস্থুল পড়ে যায় যাত্রীদের মধ্যে।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছ, শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ লখনউ থেকে দিল্লি যাওয়ার কথা ছিল বিমানটির। তাতে ১৮০ জন যাত্রী ছিলেন। রানওয়ে ছেড়ে ওড়ার মুহূর্তেই শৌচাগারে রাখা ওই চিরকুট নজরে আসে বিমানকর্মীদের। তার পরই বিমানের যাত্রা সাময়িক ভাবে স্থগিত করে দেওয়া হয়। তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে বিমানে তল্লাশি চালানো হয়।
বিমানবন্দর সূত্রে খবর, হাতেলেখা ওই হুমকি নোট উদ্ধার হতেই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তারক্ষীদের জানানো হয়। বিমানটিকে ঘিরে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ করা হয় দ্রুত। যাত্রীদের নিরাপদে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর সূত্রের খবর, যাত্রীদের নামিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয় বিমানে। কিন্তু কোনও বোমা পাওয়া যায়নি বলে দাবি। এই ঘটনার জেরে বিমান ছাড়তে দেরি হয়। কী ভাবে ওই নোট বিমানে এল, কে রাখল, তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর।
বুধবারই মুম্বই থেকে কেরলের কান্নুরগামী ইন্ডিগোর বিমানে ঠিক একই রকম ভাবে একটি হাতেলেখা হুমকি নোট মিলেছিল। সেই ঘটনাকে ঘিরে কান্নুর বিমানবন্দরে আতঙ্ক ছড়ায়। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে বিমানবন্দর সূত্রে খবর।