Bomb Threat

দিল্লিতে পর পর ১০টি স্কুলে বোমাতঙ্ক! ইমেলে সংসদ ভবনও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি, তল্লাশিতে বম্ব স্কোয়াড

ইমেলের প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। সোমবার সকালে দিল্লির একের পর এক স্কুলে এমন হুমকি ইমেল আসতে শুরু করে বলে জানা যাচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৭
দিল্লিতে স্কুলের বাইরে মোতায়েন পুলিশ।

দিল্লিতে স্কুলের বাইরে মোতায়েন পুলিশ। —ফাইল চিত্র।

দিল্লিতে একের পর এক স্কুলে ছড়াল বোমাতঙ্ক। সোমবার সকাল থেকে দিল্লির অন্তত ১০টি স্কুলে বোমা রয়েছে বলে হুমকি ইমেল গিয়েছে। তাতে লেখা রয়েছে, “দিল্লি খলিস্তান হয়ে যাবে।” জানা যাচ্ছে, ওই হুমকি ইমেলগুলিতে সংসদ ভবনের কথাও উল্লেখ করা হয়েছে। হুমকি ইমেলের পর থেকে স্কুলগুলিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি।

Advertisement

কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই হুমকি ইমেলগুলির সঙ্গে খলিস্তানপন্থী বার্তা লেখা ছিল। সঙ্গে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নেতা আফজল গুরুর প্রসঙ্গও ছিল ওই হুমকি ইমেলে। ‘টাইমস্‌ অফ ইন্ডিয়া’য় এমন একটি হুমকি ইমেলের ছবি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, সোমবার দুপুর ১টা ১১মিনিটে স্কুলগুলিতে বিস্ফোরণ হবে। ওই ইমেলের নীচে এ-ও উল্লেখ রয়েছে যে ১৩ ফেব্রুয়ারি দুপুরে ওই একই সময়ে ‘হিন্দুস্তানি পার্লামেন্ট’-এ বিস্ফোরণ হবে।

ইমেলের প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। সোমবার সকালে দিল্লির একের পর এক স্কুলে এমন হুমকি ইমেল আসতে শুরু করে বলে জানা যাচ্ছে। বিষয়গুলি নজরে আসতেই স্কুল কর্তৃপক্ষেরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার খবর পেয়ে এমন প্রতিটি স্কুলে পৌঁছে যান বম্ব স্কোয়াডের আধিকারিকেরা।

দমকলবাহিনীও পৌঁছে যায় স্কুলগুলিতে। যে স্কুলগুলিতে এই ধরনের হুমকি ইমেল গিয়েছে, প্রতিটিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ফাঁকা করে দেওয়া হয় স্কুল চত্বরও। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

বস্তুত, সাম্প্রতিক অতীতে দিল্লির বিভিন্ন জায়গায় বোমা থাকার এমন ভুয়ো তথ্য দিয়ে হুমকি দেওয়া হয়েছিল। যদিও পরে সন্দেহজনক কিছুই মেলেনি। তবে গত বছরের নভেম্বরে লালকেল্লার অদূরে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল। এ অবস্থায় হুমকি ইমেলগুলিকে আরও গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। তবে গত নভেম্বরে ওই বিস্ফোরণের কয়েক দিনের মধ্যেই দিল্লির বিভিন্ন নিম্ন আদালত এবং স্কুলে বোমা থাকার ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। গত বছরের অগস্টেও স্বাধীনতা দিবসের পর দিল্লির ৫০টিরও বেশি স্কুলে একসঙ্গে বোমা থাকার হুমকি ইমেল পাঠানো হয়েছিল। পরে দেখা যায়, সে সবই ভুয়ো তথ্য ছিল।

Advertisement
আরও পড়ুন