কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।
মাওবাদী দমন নিয়ে সাফল্য দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত কাল লোকসভায় রাহুল গান্ধীর দিকে আঙুল তুলে প্রশ্ন করেছিলেন, তিনি কেন তেলঙ্গানার নকশালপন্থী লোকসঙ্গীত শিল্পী গদর ওরফে গুম্মাডি ভিত্তল রাওয়ের সঙ্গে দেখা করেছিলেন? আজ কংগ্রেস তার জবাবে মনে করিয়ে দিল, গদরের মৃত্যুর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গদরের স্ত্রীকে চিঠি লিখে শোকবার্তা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী কাল বলেছিলেন, ‘ভারত জোড়ো যাত্রা’য় বহু নকশাল সংগঠন যোগ দিয়েছিল। রাহুল গদরের সঙ্গে দেখা করেছিলেন। যাঁর মতাদর্শ নকশালপন্থী ছিল। কংগ্রেস সাংসদ মণিকম টেগোরের বক্তব্য, ‘‘প্রয়াত লোকসঙ্গীত শিল্পী গদরকে অপমান করে অমিত শাহ তেলঙ্গানাকে অপমান করেছেন।’’
শাহ গত কাল লোকসভায় আরও বলেন, রাশিয়ায় কমিউনিস্ট সরকার তৈরির পরে এ দেশে সিপিআই বা ভারতীয় কমিউনিস্ট পার্টি তৈরি হয়। তা হলে সেই পার্টি ভারতের স্বার্থ কী ভাবে দেখবে? সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা আজ পাল্টা বলেন, ‘‘শ্রমিক, কৃষকেরা ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে সিপিআই তৈরি করেছিলেন। অমিত শাহের মন্তব্য শুধু ভুল নয়। বাস্তব সম্পর্কে ধারণা না থাকার প্রমাণ।’’