দিল্লিতে গ্রেফতার অভিযুক্ত যুবক (সাদা জামা পরা)। ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যমে বন্ধুত্ব প্রত্যাখ্যান করেছিলেন তরুণী। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ওই তরুণী এবং তাঁর মায়ের নগ্ন ছবি এবং ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাটি দিল্লির। ধৃতের নাম সুমিত নেমচাঁদ শর্মা।
পুলিশ সূত্রে খবর, তরুণী থাকেন গুজরাতের অহমদাবাদে। সমাজমাধ্যমে তাঁকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিলেন দিল্লির এক যুবক। কিন্তু ওই তরুণী বন্ধুত্ব প্রত্যাখ্যান করেন। অভিযোগ তার পরই ওই যুবক তরুণীকে সমাজমাধ্যমে গোপনে অনুসরণ করা শুরু করেন। ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করেছিলেন সুমিত। প্রথমে নানা রকম ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা শুরু করেন। কিন্তু ধীরে ধীরে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেই যুবককে এড়িয়ে চলা শুরু করেন।
বন্ধুত্বের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর অনলাইনে তরুণীকে অনুসরণ করা শুরু করেন সুমিত। অভিযোগ, সমাজমাধ্যম থেকে তরুণী এবং তাঁর মায়ের ছবি ডাউনলোড করেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, এর পর সেই ছবিগুলিকে এআই ব্যবহার করে বিকৃত বা আপত্তিকর রূপে বদলে দেন। তরুণীকে উত্ত্যক্ত করার জন্য তিনটি ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সুমিত। তার পর সেই অ্যাকাউন্টগুলিতে ওই ছবি পোস্ট করা শুরু করেন। অভিযোগ, শুধু ইনস্টাগ্রামই নয়, আরও কয়েকটি সমাজমাধ্যম অ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়েছিলেন সুমিত।
তাঁদের সেই বিকৃত ছবি নজরে আসতে সঙ্গে সঙ্গে সাইবার পুলিশের দ্বারস্থ হন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে যুবককে চিহ্নিত করে পুলিশ। তার পর অহমদাবাদ পুলিশের একটি দল দিল্লি থেকে যুবককে গ্রেফতার করে। তাঁকে ট্রানজ়িট রিমান্ডে গুজরাতে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।