Cloudflare Layoff

১১০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই, কারণ সেই এআই! বিজ্ঞপ্তি দিয়ে বিখ্যাত প্রযুক্তি সংস্থা জানাল, ‘ব্যবসা ভালই চলছে’

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের কাছে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে ক্লাউডফ্লেয়ারের সিইও ম্যাথিউ প্রিন্স এবং সহ-প্রতিষ্ঠাতা মিশেল জ্যাটলিন জানিয়েছেন, সংস্থাটি তাদের বিভিন্ন দল এবং কার্যক্রমগুলিকে নতুন করে তৈরি করছে, যা তাদের ভাষায় ‘কৃত্রিম মেধার যুগ’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৭:৪৮
Technology company Cloudflare layid off more than 1000 employees and says, does it for AI shift

ছবি: এআই সহায়তায় প্রণীত।

১১০০ জনেরও বেশি কর্মী ছাঁটাই করল প্রযুক্তি সংস্থা ক্লাউডফ্লেয়ার। জানাল, ব্যবসার মন্দার কারণে নয়, বরং কৃত্রিম মেধা বা এআইয়ের দিকে মনোনিবেশ করার কারণেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত। ক্লাউডফ্লেয়ার বিশ্বব্যাপী যে সংখ্যক কর্মী ছাঁটাই করেছে, তা তাদের মোট কর্মীসংখ্যার প্রায় ২০ শতাংশ বলে জানা গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম এবং ‘অটোমেশন’কে কেন্দ্র করে কার্যক্রম পুনর্গঠন করার অংশ হিসাবে সংস্থাটি এই পদক্ষেপ করেছে বলে খবর। উল্লেখ্য, প্রথম ত্রৈমাসিকের আয়ের প্রতিবেদন প্রকাশের পরপরই ছাঁটাইয়ের ঘোষণা করেছে সংস্থাটি। ছাঁটাইয়ের বিষয়টি ম্যানেজমেন্টের মাধ্যমে না জানিয়ে সরাসরি সংস্থার মালিকপক্ষের তরফেই কর্মীদের জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের কাছে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে ক্লাউডফ্লেয়ারের সিইও ম্যাথিউ প্রিন্স এবং সহ-প্রতিষ্ঠাতা মিশেল জ্যাটলিন জানিয়েছেন, সংস্থা তাদের বিভিন্ন দল এবং কার্যক্রমগুলিকে নতুন করে তৈরি করছে, যা তাঁদের ভাষায় ‘কৃত্রিম মেধার যুগ’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত তিন মাসে তাদের অভ্যন্তরীণ ভাবে এআই সরঞ্জামের ব্যবহারও ছয় গুণের বেশি বেড়েছে। সংস্থার সিইও ম্যাথিউকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে, এই ছাঁটাই আর্থিক চাপের কারণে হয়নি। তাঁর মতে, ক্লাউডফ্লেয়ার ক্রমাগত রাজস্ব বৃদ্ধি করে যাচ্ছে। আয় এবং গ্রাহক সংখ্যা— উভয়ই বজায় রয়েছে। শুধুমাত্র এআই খাতে বেশি বিনিয়োগ এবং চিন্তাভাবনার জন্যই ওই সিদ্ধান্ত। ম্যাথিউয়ের যুক্তি, বিভিন্ন সংস্থার গঠন কাঠামোকে নতুন রূপ দেবে এআই। তিনি এ-ও দাবি করেছেন, এআই ধীরে ধীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ, বিশেষ করে তথ্যভিত্তিক কাজ ভাল ভাবে সামলাতে সক্ষম হচ্ছে, যার মধ্যে রয়েছে অর্থ সংক্রান্ত হিসাব, অভ্যন্তরীণ নিরীক্ষা, মধ্যম স্তরের ব্যবস্থাপনা এবং পরিচালনগত তদারকি।

ম্যাথিউ জানিয়েছেন, বেশির ভাগ কর্মী ছাঁটাই পরিচালন ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলোকে প্রভাবিত করেছে, যা এখন এআই সিস্টেম ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে করা যেতে পারে। ক্লাউডফ্লেয়ার মধ্যম স্তরের ব্যবস্থাপনার স্তরও কমিয়েছে। সংস্থার আলাদা আলাদা পরিচালন দলগুলিকেও এক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংস্থার সিইও জানিয়েছেন, ক্লাউডফ্লেয়ারে এখনও রেকর্ড সংখ্যক শূন্য পদ রয়েছে। এই গ্রীষ্মে সংস্থাটি ১,১১১টি শিক্ষানবিশের পদের জন্য প্রায় ১০ লক্ষ আবেদনপত্র পেয়েছে এবং নির্বাচিত প্রার্থীদের অনেককেই তিনি এআই-বিশারদ হিসাবে বর্ণনা করেছেন।

শেষে ম্যাথিউ এ-ও জানিয়েছেন, এআই সমস্ত চাকরি কেড়ে নিতে পারবে না, তবে এটি ব্যবসা পরিচালনার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

Advertisement
আরও পড়ুন