India US Relation

‘উপযুক্ত পদক্ষেপ করব’, মোদীকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে বার্তা বিদেশ মন্ত্রকের, কী ছিল ভিডিয়োতে? কেন বিতর্ক

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডিরেক্টরকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন ট্রাম্প। তাতে মোদীর প্রসঙ্গ উঠেছিল। তারই একটি অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন ট্রাম্প। নয়াদিল্লির বিদেশ মন্ত্রক জানিয়েছে, এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Advertisement

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডিরেক্টরকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন ট্রাম্প। তারই একটি অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ট্রাম্পকে মোদীর ভূয়সী প্রশংসা করতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, ‘‘মোদী খুব ভাল মানুষ। তিনি ট্রাম্পকে ভালবাসেন।’’ এর পরেই ‘ভালবাসা’ শব্দটির ব্যাখ্যা দেন ট্রাম্প। হাসতে হাসতে জানান, এই শব্দের অন্য কোনও অর্থ করা উচিত হবে না। কারণ, তিনি ভারতের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চান না। ট্রাম্প বলেন, ‘‘আপনাদের বুঝতে হবে, আমি বহু বছর ধরে ভারতকে লক্ষ করেছি। আমার বন্ধু (মোদী) দীর্ঘ দিন ধরে সেখানে ক্ষমতায় আছেন।’’

এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে এই ভিডিয়ো নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, তিনি ভিডিয়োটি এখনও দেখেননি। রণধীর বলেন, ‘‘আমি ভিডিয়োটি দেখিনি। যদি সত্যিই এমন কোনও ভিডিয়ো থেকে থাকে, তা সত্যি হোক বা মিথ্যা, আমরা উপযুক্ত পদক্ষেপ করব।’’

সাপ্তাহিক বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়েও মন্তব্য করেছেন রণধীর। জানিয়েছেন, ভারত ওই নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছে। বাংলাদেশের জনগণের মত বুঝে বিষয়টির পর্যালোচনা করা হবে। তাঁর কথায়, ‘‘নয়াদিল্লি সব সময়েই প্রতিবেশী দেশটিতে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে থেকেছে।’’

ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতার চূড়ান্ত খসড়া নিয়ে এখনও আলোচনা চলছে, জানান রণধীর। তিনি বলেন, ‘‘ভারত এবং আমেরিকা পারস্পরিক ভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্যের উপর একটি অন্তর্বর্তিকালীন চুক্তির কাঠামো তৈরি হয়েছে। যৌথ বিবৃতি হল কাঠামো এবং এই বিষয়ে আমাদের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তি। উভয় পক্ষ এখন তা বাস্তবায়নের জন্য কাজ করবে।’’ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে বলেও আশ্বাস দেন রণধীর।

Advertisement
আরও পড়ুন