Kishtwar Encounter

জইশ জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে, জঙ্গল ঘিরে ফেলে চলছে তল্লাশি অভিযান

রবিবার সকাল থেকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা সংখ্যায় ২-৩ জন। তারা জইশ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪
জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। ছবি: পিটিআই।

জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান। ছবি: পিটিআই।

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে ছত্রুর জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তাবাহিনীর। গোপন সূত্রে খবর পেয়ে ছত্রুর জঙ্গলে অভিযান চালায় সেনা এবং পুলিশের যৌথবাহিনী। পাহাড়ি এই জঙ্গলে এর আগেও জঙ্গিদের সঙ্গে বেশ কয়েক বার সংঘর্ষ হয়েছে বাহিনীর। রবিবার সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে বলে সেনা সূত্রে খবর।

Advertisement

সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গির সংখ্যা ২-৩ জন। তারা জইশ জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেনা খবর পায়, ছত্রুর জঙ্গলে কয়েক জন সন্দেহভাজনকে দেখা গিয়েছে। আর বিলম্ব না করেই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। সেই সময় জঙ্গলের আড়াল থেকে জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। সেনার এক সূত্রের দাবি, জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কিশ্তওয়ারে ‘অপারেশন ছত্রু’ শুরু করে। সেই অভিযানে বেশ কয়েক জন জঙ্গিকে খতম করে সেনা। কিশ্তওয়াড়ের এই জঙ্গলে মাঝেমধ্যেই জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর আসে। তার পরই অভিযান চলে। রবিবারেও ছত্রুর সেই জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির খবর আসতেই অভিযানে নেমেছে সেনা। এ মাসের গোড়াতে উধমপুরে জইশের দুই জঙ্গিকে নিকেশ করে সেনা। তাদের মধ্যে এক জন জইশের কমান্ডার ছিল। তাদের কাছে থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং বেশ কিছু নথি উদ্ধার হয়। পাহাড়ি জঙ্গলে একটি গুহায় গোপন ডেরা বানিয়েছিল জঙ্গিরা। গত কয়েক বছর ধরে ওই এলাকাতে সক্রিয় ছিল জইশের এই কমান্ডার আবু মাভিয়া।

গত জানুয়ারিতে কাঠুয়া এবং কিশ্তওয়ারের ছত্রু এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের সাতটি ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষগুলির একটিতে পাকিস্তানে জইশ কমান্ডার উসমানের মৃত্যু হয়। ছত্রুতে আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়।

Advertisement
আরও পড়ুন