Passport Fees Hiked

‘দাম’ বাড়ল পাসপোর্টের! কোন ধরনের পাসপোর্টের জন্য কত খরচ, তৎকালে কত টাকা, কবে থেকে হচ্ছে মূল্যবৃদ্ধি?

১৮ বছরের কমবয়সিদের নতুন করে ৩৬ পাতার পাসপোর্টের জন্য ১,৭৫০ টাকা দিতে হবে। তৎকালে সেই পরিষেবা পেতে হলে গুনতে হবে ৪,২৫০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৩৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাসপোর্ট তৈরির খরচ বাড়ল ১২ বছর পরে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী এ বার নতুন পাসপোর্ট তৈরির খরচ পড়বে ২,৫০০ টাকা। তৎকাল প্রকল্পে পাসপোর্ট তৈরির খরচ হবে ৫,০০০ টাকা। ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন নীতি। অর্থাৎ ওই দিন বা তার পরে যাঁরা পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাঁদের বর্ধিত টাকা দিতে হবে। প্রসঙ্গত, বুধবারই বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট দেশবাসীর পরিচয়পত্র হতে পারে না। এটি কেবলমাত্র ভ্রমণের নথি।

Advertisement

নতুন নিয়ম অনুসারে, নতুন করে ৩৬ পাতার পাসপোর্ট তৈরির খরচ পড়বে ২,৫০০ টাকা। ১৮ বছর বা তার বেশি বয়সিরা পাসপোর্ট রিইস্যু করতে চাইলেও ওই ২,৫০০ টাকাই দিতে হবে। আগের সেই খরচ ছিল ১,৫০০ টাকা। তৎকালে পাসপোর্ট তৈরিতে আগে দিতে হত ৩,৫০০ টাকা। এখন ৫,০০০ টাকা দিতে হবে। ৬০ পাতার পাসপোর্ট তৈরি করতে গেলে দিতে হবে ৩,৫০০ টাকা। আগে সে জন্য খরচ হত ২০০০ টাকা। তৎকালে ৬০ পাতার পাসপোর্ট তৈরিতে ৬,০০০ টাকা দিতে হবে। আগে সে জন্য দিতে হত ৪,০০০ টাকা।

এর আগে ২০১২ সালে শেষ বার পাসপোর্ট পরিষেবার খরচ বাড়ানো হয়েছে। এ বার পাসপোর্ট (সংশোধনী) আইন ২০২৬-এর অধীনে খরচ বৃদ্ধির কথা ঘোষণা করল বিদেশ মন্ত্রক। ২০ জুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলেও এ বার আগের থেকে বেশি টাকা গুনতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে ৩৬ পাতার নতুন পাসপোর্টের জন্য এখন দিতে হবে ৫,০০০ টাকা। তৎকালে চাইলে দিতে হবে ৭,৫০০ টাকা। পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন ৬০ পাতার পাসপোর্ট পেতে হলে গুনতে হবে ৬,০০০ টাকা। তৎকালে যদি তা পেতে হয়, তবে গুনতে হবে ৮,৫০০ টাকা।

১৮ বছরের কমবয়সিদের নতুন করে ৩৬ পাতার পাসপোর্ট তৈরিতে ১,৭৫০ টাকা দিতে হবে। তৎকালে সেই পরিষেবা পেতে হলে গুনতে হবে ৪,২৫০ টাকা। অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে, নতুন পাসপোর্টের জন্য ৪,২৫০ টাকা দিতে হবে। তৎকালে সেই পাসপোর্ট তৈরিতে দিতে হবে ৬,৭৫০ টাকা।

পুলিশের অনুমোদনের শংসাপত্র (পিসিসি), পাসপোর্ট সারেন্ডারের (ছেড়ে দেওয়া) শংসাপত্র, গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামের যাচাইকরণ বা অন্য পাসপোর্ট সংক্রান্ত শংসাপত্রের জন্য এ দেশের বাসিন্দাদের ৭৫০ টাকা দিতে হবে। বিদেশে থাকলে ৫০ মার্কিন ডলার দিতে হবে। ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৭০০ টাকা।

২০১২ সালে শেষ বার পাসপোর্ট পরিষেবার খরচ বেড়েছিল। তখন ৩৬ পাতার পাসপোর্ট করানোর খরচ ১০০০ থেকে ১,৫০০ টাকা হয়েছিল। তৎকালে পরিষেবার খরচ ২,৫০০ থেকে বাড়িয়ে ৩,৫০০ টাকা করা হয়েছিল।

Advertisement
আরও পড়ুন