টানা বৃষ্টির কারণে পাহাড়ের রাস্তায় নেমেছে ধস। — ফাইল চিত্র।
উত্তরবঙ্গে বন্যা, দুর্যোগ মোকাবিলা, আপৎকালীন পরিষেবার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসে এসে এমনটাই জানালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি এ-ও জানান, যেখানে হড়পা বানের প্রবণতা রয়েছে, সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। ফুলেফেঁপে ওঠা নদীগুলিতে চলছে নজরদারি।
বৃহস্পতিবার বিকেলে কোচবিহারের সাগরদিঘি সংলগ্ন এলাকায় অবস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসে যান নিশীথ। সেখানে তাঁকে স্বাগত জানাতে দফতরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথের সঙ্গে বৈঠক করেন বলেও জানা গিয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘‘এক মাস আগেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার বিধায়কদের সঙ্গে বন্যা মোকাবিলা নিয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’’ নদীগুলির ড্রেজিং করার প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।
নিশীথ আরও জানান, কিছু নদীর বাঁধের পুনর্নির্মাণ করার প্রয়োজন রয়েছে। বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে, যা আগামী বছর থেকে শুরু করা হবে। তিনি এ নিয়ে আঙুল তুলেছেন পূর্বতন তৃণমূল সরকারের দিকেও। নিশীথ জানিয়েছেন, জনজীবন যাতে বিপন্ন না-হয়ে পড়ে, সেই জন্য আপৎকালীন ব্যবস্থা রয়েছে। সেগুলি গ্রহণ করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। নিশীথ আরও জানান, কালিম্পং এবং দার্জিলিঙে হড়পা বানের প্রবণতা রয়েছে। সেই জায়গাগুলিতে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যে নদীগুলিতে জলস্তর বাড়ছে, সেগুলিতে নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছে নিশীথ।