Suvendu Adhikari Government

তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র, ঘোষণা অর্থমন্ত্রীর! ২০০০ টাকা বেতনবৃদ্ধি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বিগত সরকারের আমলে জমি বণ্টন, জলাজমি ব্যবস্থাপনা, প্রকল্প রূপায়ণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। শ্বেতপত্র প্রকাশিত হলে সেগুলিও স্পষ্ট হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:২১
স্বপন দাশগুপ্ত।

স্বপন দাশগুপ্ত। — ফাইল চিত্র।

বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের কোন দফতরে কী কী দুর্নীতি হয়েছে, তা নিয়ে প্রকাশিত হবে শ্বেতপত্র। বৃহস্পতিবার বিধানসভায় জবাবি ভাষণে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই সঙ্গে বেতন বৃদ্ধি নিয়েও সুখবর দিলেন তিনি। স্বপন জানিয়েছেন, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষকদের বেতন ২,০০০ টাকা বৃদ্ধি করা হবে। এ বছর বাজেটে রাজ্যের কয়েকটি বিভাগের কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। যাঁদের এ বছর বৃদ্ধি হয়নি, আগামী বাজেটে তাঁদের বেতন বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বপন।

Advertisement

রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ করা হবে। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করার বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার অর্থমন্ত্রী স্বপন জানান, তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালে রাজ্যের সব সরকারি দফতরের কাজকর্ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। সরকারি দফতরগুলির কাজকর্ম নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে শ্বেতপত্র প্রকাশ করা হবে। একই সঙ্গে জনসমক্ষে আনা হবে সিএজি-র অডিট রিপোর্টও। জানানো হবে, বিগত সরকারের আমলে কোথায় কী কী দুর্নীতি হয়েছিল। এখনই বা সেই দফতরগুলির কী অবস্থা, তা-ও তুলে ধরা হবে।

স্বপনের কথায়, ‘‘দফতরের পর দফতরের কাজকর্ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। অর্থ দফতর ব্যাখ্যা করবে যে, কী ভাবে অব্যবস্থাপনার কারণে সরকারের ঋণের বোঝা বৃদ্ধি পেয়েছে। অন্য দফতরগুলি বোঝাবে, কেন একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েও শেষ হয়নি। কেন এই পরিস্থিতি তৈরি হল!’’ তিনি আরও জানিয়েছেন, বিগত সরকারের আমলে জমি বণ্টন, জলাজমি ব্যবস্থাপনা, প্রকল্প রূপায়ণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। শ্বেতপত্র প্রকাশিত হলে সেগুলিও স্পষ্ট হবে।

এর আগে শুভেন্দু বার বার জানিয়েছেন, দুর্নীতি নিয়ে তাঁর সরকার ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েছে। রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে বক্তৃতা করতে গিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, এই অধিবেশনের শেষ দিনেই দুর্নীতি রোধে আরও কড়া আইন আনা হচ্ছে। সেই আইন কার্যকর হলে দোষীদের শুধু জেল হবে না, দুর্নীতিকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। সুর চড়িয়ে আরও বলেন, ‘‘হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোড-সহ আমতলার প্রাসাদগুলিতে কলকাতায় উড়ালপুলের নীচে থাকা মানুষদের থাকার ব্যবস্থা করব।’’ অনেকের মতে, তিনি নাম না-করে অভিষেককে খোঁচা দিয়েছেন। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের তরফে বিধানসভায় দাবি তোলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার কত টাকা বকেয়া রেখেছে, তা নিয়েও শ্বেতপত্র প্রকাশ করা হোক। তার পরের দিন রাজ্যের অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, পূর্বতন তৃণমূল সরকারের শ্বেতপত্র প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী স্পষ্ট করে দেন, যাঁদের দরকার, তাঁদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা। যেমনটা আগেই জানিয়েছিলেন শুভেন্দু। স্বপন এ-ও জানান, যাঁদের বেতন চলতি বাজেটে বৃদ্ধি করা হয়নি, আগামী বাজেটে তাঁদের বেতন বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হবে। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের বেতন ২,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, হেমতাবাদে তৈরি হবে কলেজ, কালিয়াগঞ্জে মহিলাদের জন্য কলেজ হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে সন্দেশখালিতে মহিলা থানা করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

Advertisement
আরও পড়ুন