BCCI Women

ক্যাচ ফেলার প্রদর্শনী হরমনপ্রীতদের, মহিলাদের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধেও খুঁড়িয়ে জিততে হল ভারতকে

একটি-দু’টি নয়। চার-চারটি ক্যাচ। পাওয়ার প্লে-র মধ্যে চারটি ক্যাচ ফেলল ভারত। শেষ পর্যন্ত ম্যাচ জিতল বটে। সেটাও খুঁড়িয়ে খুঁড়িয়ে। প্রথমে ব্যাট করে ১৩৬/৮ তুলেছিল বাংলাদেশ। জবাবে পাঁচ উইকেটে জিতেছে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২২:২৮
cricket

ভারতের মহিলা দল। ছবি: সমাজমাধ্যম।

একটি-দু’টি নয়। চার-চারটি ক্যাচ। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ফিল্ডারেরা বোধহয় প্রমাণ করতে নেমেছিলেন কে বেশি ক্যাচ ফেলতে পারেন। পাওয়ার প্লে-র মধ্যে চারটি ক্যাচ ফেলল ভারত। শেষ পর্যন্ত ম্যাচ জিতল বটে। সেটাও খুঁড়িয়ে খুঁড়িয়ে। প্রথমে ব্যাট করে ১৩৬/৮ তুলেছিল বাংলাদেশ। জবাবে পাঁচ উইকেটে জিতেছে ভারত।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খারাপ ফিল্ডিংয়ের কারণেই হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচ থেকে শিক্ষাই নেয়নি দল। চারটি ক্যাচই তুলনায় সহজ ছিল। কিন্তু সেগুলিই ধরতে পারেননি ভারতের ফিল্ডারেরা। নন্দনী শর্মা, যস্তিকা ভাটিয়া এবং রাধা যাদব ক্যাচগুলি ফেলেন। রাধা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দু’টি সহজ ক্যাচ ফেলেছিলেন।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত প্রথম দল, যারা প্রথম পাঁচ ওভারে চারটি ক্যাচ ফেলেছে। এই নিয়ে দ্বিতীয় বার পাওয়ার প্লে-র মধ্যে তিন বা তার বেশি ক্যাচ পড়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত পাওয়ার প্লে-র মধ্যে তিনটি ক্যাচ ফেলেছিল।

সবচেয়ে বেশি লাভবান হন বাংলাদেশের জুরাইয়া ফিরদৌস। পঞ্চম ওভারে তিন বার ক্যাচ পড়ে তাঁর। বেশ কয়েকটি চার মেরে ৩১ বলে ৩৩ রান করেন তিনি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। পিচের মাঝ দিয়ে দৌড়নোর কারণে দু’বার সতর্ক করা হয়েছিল নন্দনীকে। তিনি পর পর দু’বলে ফিরদৌস এবং শোভনা মোস্তারির ক্যাচ ফেলেন। তার পর একটি ভাল ক্যাচ ধরে ফিরদৌসকে ফেরান।

দক্ষিণ আফ্রিকার কাছে হারায় বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হত ভারতকে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকেও হারাতে হবে। তবে প্রতিযোগিতায় সব বিভাগেই ভারতের খামতি লক্ষ করা গিয়েছে। পেস বিভাগ বার বার বদল করা হয়েছে। এ দিন ক্রান্তি গৌড়কে বসিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আসা রেণুকা ঠাকুর প্রথম ওভারেই ফেরান ওপেনার দিলারা আক্তারকে। ২০তম ওভারে ভাল বল করেন চরণী। দু’টি উইকেট দেন মাত্র তিন রান দিয়ে। ফিল্ডিং খারাপ হলেও রাধা বল হাতে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

মাত্র ১৩৭ রান তুলতেও ভারত হারায় পাঁচটি উইকেট। স্মৃতি মন্ধানা (৮) তৃতীয় ওভারেই ফিরে যান। যস্তিকা (২৩), রিচা ঘোষ (১০), জেমাইমা রদ্রিগেজ় (২৬) ক্রিজ় কামড়ে পড়ে থাকতে পারেননি। একমাত্র লড়াকু ব্যাটিং করেন শেফালি। আটটি চার এবং একটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৫৩ করেন তিনি। ক্রিজ়ে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে দেন হরমনপ্রীত (১৩) এবং দীপ্তি শর্মা (৫)।

Advertisement
আরও পড়ুন