দীনেশ ত্রিবেদী। —ফাইল চিত্র।
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত (হাই কমিশনার) দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রীর (পূর্ণমন্ত্রীর) সমতুল্য মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বুধবার (২৪ জুন) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশকে সরকারি প্রটোকল তালিকা বা ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ এই পূর্ণমন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। ওই নির্দেশিকা মূলত রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠান এবং প্রটোকল-সংক্রান্ত আনুষ্ঠানিকতার ক্ষেত্রে কার্যকর হবে। এটি সম্পূর্ণ ভাবে দীনেশের ব্যক্তিগত পদমর্যাদা হিসেবে বিবেচিত হবে। এর জন্য ভারতের মূল ‘টেবিল অব প্রিসিডেন্স’ অর্থাৎ স্থায়ী প্রটোকল তালিকায় কোনও সাধারণ সংশোধন বা পরিবর্তন আনা হচ্ছে না।
রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এক জন হাই কমিশনারকে পূর্ণমন্ত্রীর সমতূল্য মর্যাদা দেওয়া অত্যন্ত বিরল ঘটনা। এর ফলে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ও প্রশাসনিক স্তরের সঙ্গে ভারতের কূটনৈতিক যোগাযোগ আরও দৃঢ় হবে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থশঙ্কর রায় ১৯৯২–৯৬ আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনের সময় পূর্ণমন্ত্রীর সমতুল্য মর্যাদা পেয়েছিলেন। ঘটনাচক্রে, দীনেশও অতীতে পশ্চিমবঙ্গ থেকেই তৃণমূলের টিকিটে লোকসভা এবং রাজ্যসভার সাংসদ হয়েছেন। চলতি মাসেই বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে প্রণয় বর্মার স্থলাভিষিক্ত হয়েছেন দীনেশ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশই প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব যাঁকে ঢাকার ভারতীয় দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল, তৃণমূল থেকে বিজেপির মতো দলে থেকে রাজনীতি করেছেন তিনি।