Gangster Groom Arrested

‘আমার কী দোষ, বিয়েটা হতে দিন’! মণ্ডপ থেকে গ্যাংস্টার বরকে গ্রেফতারের পর থানায় গিয়ে পুলিশকে আর্জি কনের

আকাশের বিরুদ্ধে ৩১টি মামলা রুজু হয়েছে। ২০১৮ সালে বিজেপি যুব মোর্চা মণ্ডলের সহসভাপতি সুরেন্দ্র কুশওয়াহা খুন হন। ওই খুনের ঘটনাতেও মূল অভিযুক্ত ছিলেন আকাশ। ১৮ মাস জেলও খেটেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:৫৯
থানায় গিয়ে পুলিশের কাছে আর্জি সীমার।

থানায় গিয়ে পুলিশের কাছে আর্জি সীমার। ছবি: সংগৃহীত।

বিয়ের মণ্ডপে বর-কনে দু’জনেই উপস্থিত তখন। তাঁদের ঘিরে রয়েছেন আত্মীয়-স্বজনেরা। সাত পাকে বাঁধা পড়বেন বর-কনে। তখনই আচমকা সেখানে উপস্থিত হয়ে বরকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। কনে যদিও সঙ্গে সঙ্গেই ছুটলেন ভোপালের কোহ-এ-ফিজ়া থানায়। পুলিশের কাছে আর্জি জানালেন, অন্তত বিয়েটা সেরে নিতে দেওয়া হোক। কারণ, তাঁর হবু বর যে গ্যাংস্টার, তা তিনি জানতেন না।

Advertisement

মেহেন্দি, গায়েহলুদের অনুষ্ঠান হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু চার হাত এক হওয়া। তার আগেই বুধবার সন্ধ্যায় বিয়ের মণ্ডপে হাজির হয়ে আকাশ নীলকান্ত ওরফে ভুরাকে গ্রেফতার করে পুলিশ। বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে। হবু বরের গ্রেফতারির পরেই থানায় ছোটেন সীমা। তিনি পুলিশ অফিসারকে বলেন, ‘‘আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার কী দোষ? ও যে অপরাধ করেছে, জানতাম না।’’ তার পরেই মিনতি করে তিনি বলেন, ‘‘বাড়িতে আত্মীয়স্বজন বসে রয়েছেন। গায়েহলুদ হয়ে গিয়েছে।’’

পুলিশকে সীমা অনুরোধ করেন, অন্তত দু’ঘণ্টার জন্য আকাশকে ছেড়ে দেওয়া হোক, যাতে বিয়েটা সেরে নিতে পারেন। পুলিশ রাজি হয়নি। নাছোড় সীমা এর পরে আর্জি জানান, থানায় বিয়েটা করতে দেওয়া হোক। পুলিশ তাতেও রাজি হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে ভোপালে সক্রিয় রয়েছে ‘ইলিগাল গ্যাং’, যার মাথায় রয়েছেন আকাশ। ওই গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় ৫০ জন। তাঁদের শরীরে ‘ইলিগাল’ ট্যাটু রয়েছে। আকাশের বিরুদ্ধে ৩১টি মামলা রুজু হয়েছে। ২০১৮ সালে বিজেপি যুব মোর্চা মণ্ডলের সহসভাপতি সুরেন্দ্র কুশওয়াহা খুন হন। ওই খুনের ঘটনাতেও মূল অভিযুক্ত ছিলেন আকাশ। ১৮ মাস জেলও খেটেছিলেন। চার মাস আগেই জামিনে ছাড়া পান। খুন, অপহরণ, ছিনতাইয়ের মতো অপরাধের অভিযোগ রয়েছে ওই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন