অধ্যক্ষের পুত্রের বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে কলেজ চত্বর। দিল্লির হংসরাজ কলেজে। ছবি: সংগৃহীত।
কলেজে পঠনপাঠন শিকেয় তুলে সেখানেই ছেলের বিয়ের আসর বসিয়েছিলেন অধ্যক্ষ! এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ। দিল্লির হংসরাজ কলেজের এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত সোমবার কলেজে চত্বরেই অধ্যক্ষ রমা শর্মার ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। তার জন্য এক সপ্তাহ ধরে কলেজকে সাজানো-গোছানো হচ্ছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজ চত্বরে রঙিন তাঁবু খাটানো হয়েছে। কলেজের গেটগুলিতেও লাগানো হয়েছে রঙিন পর্দা। (যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)
মঙ্গলবার কলেজ চত্বরে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এসএফআই পরিচালিত ছাত্র সংসদের প্রতিনিধিরা। শামিল হল কলেজের বহু পড়ুয়া। বিক্ষোভ দেখানো পড়ুয়াদের বক্তব্য, কলেজের হস্টেলটি রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। অথচ বিয়েতে আমন্ত্রিতদের রাখার জন্য রাতারাতি ওই হস্টেলকেই অতিথিদের জন্য খুলে দেওয়া হয়। সাধারণ পড়ুয়ারা বিকেলে নির্দিষ্ট সময়ের পর কলেজের মাঠ ব্যবহার করতে না-পারলেও সোমবার অনেক রাত পর্যন্ত সেই মাঠেই বিয়ের অনুষ্ঠান চলেছে বলে অভিযোগ উঠেছে। পড়ুয়াদের আরও অভিযোগ যে, বিয়ের জন্য মঞ্চ তৈরির সময় এক সপ্তাহ কলেজের অনেক জায়গায় তাঁদের যেতে পর্যন্ত দেওয়া হয়নি। এই প্রসঙ্গে কলেজের ছাত্র সংসদের সম্পাদক আসিকুল ইসলাম বলেন, “অধ্যক্ষ কি কলেজটাকে ‘ব্যাঙ্কোয়েট হল’ মনে করেছেন?”
যাঁকে ঘিরে এই বিতর্ক, সেই অধ্যক্ষ অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। তবে দিল্লি বিশ্ববিদ্যালয় (হংসরাজ কলেজ এই বিশ্ববিদ্যালয়েরই আওতাধীন)-এর রেজিস্ট্রার বিকাশ গুপ্ত এই প্রসঙ্গে তাঁর বলেন, “অহেতুক বিতর্ক তৈরি করবেন না। অধ্যক্ষ কলেজের তরফে দেওয়া বাড়িতে থাকেন। তাই তাঁর এই ধরনের অনুষ্ঠান করার অধিকার রয়েছে।” কলেজ চত্বরে এমন অনুষ্ঠান এই প্রথম হচ্ছে না বলেও দাবি করেন তিনি।