Promise Day Special

কথার খেলাপ করেন না, দেওয়া কথা পূরণের জন্য সব কিছু করতে পারেন ছয় রাশির ব্যক্তিরা!

রাশিচক্রের ছয় রাশির ব্যক্তিরা কখনও নিজেদের দেওয়া কথার খেলাপ করেন না। এঁরা নিজের সাধ্যের বাইরে কোনও কথা অপরকে দেন না। যা করতে পারবেন বলে মনে করেন, তা-ই বলেন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১১
promise

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বহু মানুষই কথা দেন। যদিও রাখেন হাতেগোনা কয়েক জনই। কথা রাখা সহজ বিষয় নয়। আবেগঘন মুহূর্তে বা পরিস্থিতির চাপে পড়ে বহু মানুষই নানা কথা বলে দেন। কিন্তু পরে গিয়ে সেটি রক্ষা করা চাপের হয়ে যায়। নানা সম্পর্কই কথা রাখতে না পারার জন্য ভেঙে যায়। বন্ধুত্বেও ছেদ ঘটে। তবে রাশিচক্রের ছয় রাশির ব্যক্তিরা কখনও নিজেদের দেওয়া কথার খেলাপ করেন না। এঁরা নিজের সাধ্যের বাইরে কোনও কথা অপরকে দেন না। যা করতে পারবেন বলে মনে করেন, তা-ই বলেন। সেই কারণে এঁদের কথা রাখতে বিশেষ সমস্যা হয় না। তালিকায় কোন রাশির জাতক-জাতিকারা আছেন, জেনে নিন।

Advertisement

কোন রাশির ব্যক্তিরা কথা দিয়ে কথা রাখেন?

বৃষ: বৃষ জাতক-জাতিকাদের মুখের কথাকে চোখকান বুজে বিশ্বাস করা যায়। এঁরা কখনও কথার খেলাপ করেন না। এই রাশির জাতক-জাতিকারা যা এক বার করবেন বলে জানান, তা করেই ছাড়েন। ফাঁকা আওয়াজ দেওয়ার স্বভাব এঁদের নেই। কাউকে দেওয়া কথা এঁরা কখনও না রেখে থাকেন না। অপরের কাছে নিজের দেওয়া কথা বৃষ রাশির ব্যক্তিরা সর্বদা পূরণ করার চেষ্টা করেন।

কর্কট: কাছের মানুষদের প্রতি কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত যত্নশীল হন। এঁদের মন রাখার জন্য এঁরা যা কিছু করতে পারেন। ভালবাসার মানুষদের দেওয়া কথা না রাখার ব্যাপারে কর্কট জাতক-জাতিকারা ভাবতেও পারেন না। কাছের মানুষদের মনোবাসনা পূরণ করা এঁদের জীবনে প্রধান লক্ষ্য হয়। কাছের মানুষের কাছে দেওয়া কথা এঁরা সর্বদা পূরণ করার চেষ্টা করেন।

কন্যা: হুটহাট কাউকে কথা দিয়ে বসার ব্যাপারে বিশ্বাসী নন কন্যা রাশির জাতক-জাতিকারা। কারণ তাঁদের কাছে অপরকে দেওয়া কথা পূরণ করা কর্তব্যের মধ্যে পড়ে। প্রতিজ্ঞা জিনিসটির গুরুত্ব কন্যা রাশির ব্যক্তিদের কাছে অন্যদের থেকে অনেক বেশি। তাই যে কাউকে কোনও কথা দেওয়ার আগে এঁরা অত্যন্ত ভেবেচিন্তে পা বাড়ান। তবে এক বার যদি কোনও কথা দিয়ে দেন, সেটা পূরণ না করে থামেন না।

তুলা: সব ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে চলতে পছন্দ করেন তুলা রাশির জাতক-জাতিকারা। অপরকে হতাশ করা এই রাশির মানুষদের পছন্দ নয়। সকলের মন রেখে চলার উদ্দেশ্যে এঁরা সব সময় নিজের দেওয়া কথা রেখে চলেন। তাতে নিজের কোনও অসুবিধা হলেও সেটির তোয়াক্কা করেন না তুলা জাতক-জাতিকারা। এঁরা সব সময় অপর ব্যক্তি এঁদের কাজে খুশি হচ্ছেন কি না সেটাই দেখেন।

বৃশ্চিক: নীতিবিরুদ্ধ কোনও কাজ করায় বিশ্বাসী নন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। আর কথা দিয়ে সেটির খেলাপ করা এঁদের কাছে নীতিবিরুদ্ধ বিষয়। আবেগতাড়িত বৃশ্চিক জাতক-জাতিকারা তাই কখনও কাউকে মজার ছলে কথা দিয়ে দেন না। সব সময় যে কথা রাখতে পারবেন, সেই কথাই দেন। নিজের সবটুকু দিয়ে এঁরা অপরকে দেওয়া কথা রাখার চেষ্টা করেন।

মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা যে কোনও দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। এঁরা এক বার কোনও কথা দিয়ে থাকলে, সেটি থেকে এঁদের কখনও নড়ানো যায় না। অপরের কাছে করা প্রতিজ্ঞা রক্ষার জন্য এঁরা যা কিছু করতে পারেন। যে কথা রাখা মকর জাতক-জাতিকাদের সাধ্যের বাইরে, তেমন কথা এঁরা দেন না। এঁদের নিয়মানুবর্তিতা এবং দৃঢ়তা এঁদের দেওয়া কথা পূরণে সহায়তা করে।

Advertisement
আরও পড়ুন