Tunguska Air Defence Missile

রাশিয়ার টুঙ্গুস্কা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকার পি-৮আই বিমান, ৮৫৮ কোটি টাকার জোড়া চুক্তি সই ভারতের

দু’টি চুক্তিরই অন্যতম অংশ ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি মেনে ভারতের মাটিতে যৌথ উদ্যোগে উৎপাদন এবং উৎপাদন-পরবর্তী রক্ষণাবেক্ষণ ও মেরামতির (সামরিক পরিভাষায়, এমআরও) নিশ্চয়তা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১২:২০
(বাঁদিকে) পি-৮আই বিমান এবং টুঙ্গুস্কা (ডানদিকে)।

(বাঁদিকে) পি-৮আই বিমান এবং টুঙ্গুস্কা (ডানদিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এস-৪০০ এবং পন্টসারের পরে এ বার রাশিয়ার তৈরি টুঙ্গুস্কা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) পাবে ভারতীয় সেনা। শুক্রবার নয়াদিল্লির কর্তব্যভবনে দ্বিপাক্ষিক প্রতিনধি স্তরের বৈঠকের পরে এ সংক্রান্ত ৪৪৫ কোটি টাকার চুক্তি সই হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে আমেরিকা থেকে আরও পি-৮আই দূরপাল্লার সামুদ্রিক নজরদারি বিমান কেনার বিষয়ে চলতি সপ্তাহেই ৪১৩ কোটি টাকার চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষাসচিব রাজেশ কুমার সিংহের উপস্থিতিতে সই হয়েছে জোড়া চুক্তি। প্রসঙ্গত, সোভিয়েত যুগের টুঙ্গুস্কা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন, হেলিকপ্টার, এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র-সহ কম উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তুকে নিশানা করতে দক্ষ। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি ভারত-রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিকেও আরও মজবুত করবে।

অন্যদিকে, ভারতীয় নৌসেনার কাছে বর্তমানে ১২টি পি৮আই বিমান আছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি আরও মজবুত করতে এবং সমুদ্রের গভীরে শত্রুপক্ষের ডুবোজাহাজকে খুঁজে নিশানা বানাতে এই ঘাতক বিমান আরও বেশি করে মোতায়েন করতে চাইছে ভারত। তাই প্রাথমিক ভাবে আরও ছ’টি মার্কিন বিমান কিনতে সই করা হয়েছে চুক্তি। দু’টি চুক্তিরই অন্যতম অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি মেনে ভারতের মাটিতে যৌথ উদ্যোগে উৎপাদন। পাশাপাশি, উৎপাদন-পরবর্তী রক্ষণাবেক্ষণ ও মেরামতি (সামরিক পরিভাষায় ‘মেনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল’ বা এমআরও) সংক্রান্ত চুক্তিও হয়েছে টুঙ্গুস্কা এবং‌ পি৮আই নিয়ে।

Advertisement
আরও পড়ুন