J&K Assembly Unrest

নিহত খামেনেইয়ের ছবি নিয়ে বিক্ষোভ জম্মু ও কাশ্মীর বিধানসভায়! আমেরিকা এবং ইজ়রায়েল বিরোধী স্লোগানও উঠল

ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার প্রতিবাদে এর আগে রাজধানী দিল্লি-সহ বিভিন্ন শহরে জমায়েত হয়েছে। কিন্তু এই প্রথম কোনও বিধানসভার অন্দরে খামেনেইয়ের ছবি নিয়ে স্লোগান তোলা হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২১:২৪
Unrest in Jammu and Kashmir Assembly as some MLAs protest Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei killing

জম্মু ও কাশ্মীর বিধানসভায় নিহত খামেনেইয়ের ছবি হাতে বিক্ষোভ বিধায়কদের। ছবি: সংগৃহীত।

ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলা এবং শিয়া মুসলিমদের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার ঘটনার প্রতিবাদে এ বার বিক্ষোভ হল কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বিধানসভায়! আমেরিকা এবং ইজ়রায়েল বিরোধী স্লোগান তুললেন বিধায়কদের একাংশ! তাঁদের অনেকেরই হাতে ছিল নিহত খামেনেইয়ের ছবি।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা-ইজ়রায়েলের হামলা এবং শিয়াদের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেই-সহ একাধিক প্রথম সারির নেতা-সেনাকর্তার মৃত্যুর জেরে উত্তেজনা ছড়িয়েছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিশেষত, শিয়া মুসলিমেরা বিভিন্ন জমায়েতে আয়াতোল্লার ছবি-ফেস্টুন নিয়ে শোকপ্রকাশের পাশাপাশি আমেরিকা এবং ইজ়রায়েল-বিরোধী স্লোগান দিয়েছেন রাজধানী দিল্লি-সহ বিভিন্ন শহরে। কিন্তু এই প্রথম দেশে কোনও বিধানসভার অন্দরে খামেনেইয়ের ছবি নিয়ে স্লোগান তোলা হল।

শাসকদল ন্যাশনাল কনফারেন্সের পাশাপাশি অন্যতম বিরোধী দল পিডিপির বিধায়কদের একাংশকেও শুক্রবার ইরানের সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। ছিলেন সিপিএম এবং কংগ্রেস ও নির্দল বিধায়কদের একাংশ। ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি বিধায়কদের একাংশ খামেনেইয়ের ছবি উঁচিয়ে স্লোগান দেওয়ার প্রতিবাদ করেন প্রধান বিরোধী দল বিজেপির বিধায়কেরা। ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেওয়ার পাশাপাশি পোস্টার হাতে নিয়ে জম্মুতে একটি আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান তাঁরা। প্রসঙ্গত, খামেনেইয়ের মৃত্যুর ছ’দিনের মাথায় আনুষ্ঠানিক ভাবে শোক প্রকাশ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিস্রী ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে ভারত সরকারের তরফে শোকজ্ঞাপন করেছিলেন।

Advertisement
আরও পড়ুন