India Oil Import

সরবরাহ মসৃণ রাখতে ৪০টি দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত! কেন্দ্রীয় মন্ত্রী গোয়লের আশ্বাস, ঘাটতি হবে না জ্বালানির

সরকারি এক সূত্র জানাচ্ছে, ৪০টি দেশ থেকে ঘুরপথে জ্বালানি নিয়ে আসা হচ্ছে সরবরাহ মসৃণ রাখার জন্য। সরকারি ওই সূত্রের দাবি, ভারতের প্রায় ৬০ শতাংশ জ্বালানি তেল ঘুরপথে আসছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৩:১১
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়লের আশ্বাস, সঙ্কট হবে না জ্বালানির। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়লের আশ্বাস, সঙ্কট হবে না জ্বালানির। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের জেরে অবরুদ্ধ হরমুজ় প্রণালী। তার জেরে হরমুজ়েই আটকে পড়ছে জ্বালানি তেলবাহী বহু জাহাজ। এই পরিস্থিতিতে যাতে জ্বালানি সঙ্কট তৈরি না হয়, তাই বিকল্প ব্যবস্থার পথে হাঁটল ভারত। সরকারি এক সূত্র জানাচ্ছে, ৪০টি দেশ থেকে ঘুরপথে জ্বালানি নিয়ে আসা হচ্ছে সরবরাহ মসৃণ রাখার জন্য। সরকারি ওই সূত্রের দাবি, ভারতের প্রায় ৬০ শতাংশ জ্বালানি তেল ঘুরপথে আসছে। ঘটনাচক্রে, এই আবহে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়লও আশ্বস্ত করেছেন যে, অন্যান্য দেশে জ্বালানি নিয়ে সঙ্কট তৈরি হলেও ভারতে এখনও সে রকম কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি।

Advertisement

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের জেরে বিশ্ব জুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে যে টানাপড়েনের সৃষ্টি হয়েছে, তার আঁচ ভারতের উপরেও পড়ছে। কারণ হরমুজ় প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় পশ্চিম এশিয়া থেকে তেলবাহী জাহাজগুলি সংশ্লিষ্ট গন্তব্যে পৌঁছোতে পারছে না। এই পরিস্থিতিতে ভারতেও যাতে জ্বালানি সঙ্কট তৈরি না হয়, তাই ঘুরপথে অন্য দেশ থেকে জ্বালানি নিয়ে আসা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী গোয়ল জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তার উপর ভিত্তি করেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

সরকারি সূত্রের দাবি, এই যুদ্ধ পরিস্থিতিতে যাতে জ্বালানি সরবরাহের ঘাটতি না হয়, তাই বিভিন্ন দেশের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে। সরকারি তথ্য বলছে, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজ়িল, ব্রুনাই, কানাডা, কোলোম্বিয়া, ইকুয়েডর, মিশর, ইকুয়েটরিয়াল গিনি, ঘানা, গ্রিস, গিনি, ইরাক, ইজ়রায়েল, দক্ষিণ কোরিয়া, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পানামা, কাতার, সেনেগাল, টোগো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, আমেরিকা এবং ভেনেজ়ুয়েলা-সহ ৪০টি দেশের কাছ থেকে ঘুরপথে জ্বালানি তেল এবং জ্বালানি সামগ্রী আনা হচ্ছে। আগে ২৭টি দেশ থেকে জ্বালানি আনা হত। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলে সূত্রের খবর। এ ছাড়া রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আনছে ভারত।

প্রসঙ্গত, আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী সরু হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। প্রতি দিন গোটা বিশ্বে যত তেল রফতানি হয়, তার ২০ শতাংশই যায় এই হরমুজ় প্রণালী হয়ে। ইরানের হামলার আশঙ্কায় প্রণালীর দুই ধারে দাঁড়িয়ে আছে বিভিন্ন দেশের অসংখ্য জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কার। ভারতের মোট অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ আসে হরমুজ় প্রণালী দিয়ে।

Advertisement
আরও পড়ুন