(বাঁ দিক থেকে) ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানের দূতাবাসেও গিয়েছেন বিদেশসচিব বিক্রম মিস্রী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়েছে শনিবার ভোরে। সেই ঘটনার পাঁচ দিনের মাথায় তেহরানের সঙ্গে সরাসরি কথা বলল ভারত। এত দিন পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেও ভারত সরকারের তরফে ইরানের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশও হল এই প্রথম।
বৃহস্পতিবার বিকেলে জয়শঙ্কর ফোনে আরাঘচির সঙ্গে কথা বলেছেন। সমাজমাধ্যমেও সে কথা জানিয়েছেন। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা খোলসা করেননি ভারতের বিদেশমন্ত্রী। তিনি কথা বলেছেন ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গেও। বৃহস্পতিবারই নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে গিয়েছিলেন মিস্রী। তিনি কথা বলেছেন ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে। খামেনেইয়ের মৃত্যুতে ভারত সরকারের তরফে শোক প্রকাশ করেছেন মিস্রী। একটি শোকপত্রে স্বাক্ষরও করেছেন।
গত শনিবার থেকে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরানের উপর হামলা শুরু করেছিল। তাতেই খামেনেইয়ের মৃত্যু হয়। রবিবার সেই মৃত্যুর খবর নিশ্চিত করে তেহরান। তার পর থেকে পশ্চিম এশিয়ায় অশান্তি ক্রমে বেড়েছে। মার্কিন-ইজ়রায়েলি হামলার প্রত্যাঘাত করতে গিয়ে একাধিক দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, বাহরিন, সৌদি আরব, কুয়েত প্রভৃতি বিভিন্ন দেশে ইরানের ড্রোন আছড়ে পড়েছে। যত দিন যাচ্ছে, সংঘাত বাড়ছে। ইতিমধ্যে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। তবে ইরানে মার্কিন-ইজ়রায়েলি হামলার নিন্দা করে এখনও কোনও বার্তা দেয়নি ভারত সরকার। মোদী কিছু দিন আগে ইজ়রায়েলে গিয়েছিলেন। তাঁর সফর শেষের পরেই ইরানে হামলা হয়। ফলে বিরোধীরা ভারতের অবস্থান নিয়ে নানা প্রশ্ন তুলছিল। অবশেষে পাঁচ দিন পর ভারত যোগাযোগ করল ইরানের সঙ্গে। মার্কিন-ইজ়রায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কোনও কথা না-বললেও খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ বিতর্কে ইতি টানতে পারে বলে মত অনেকের।
আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাতে একাধিক দেশ জড়িয়ে পড়েছে। লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজ়বুল্লাকে নিশানা করে পর পর হামলা চালাচ্ছে ইজ়রায়েলের বাহিনী। এর মধ্যে শ্রীলঙ্কার কাছে ভারত ফেরত ইরানি জাহাজ উড়িয়ে দিয়েছে মার্কিন টর্পেডো। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই মুহূর্তে যুদ্ধ থামার কোনও সম্ভাবনা নেই। ইরানে হামলা চলবে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতের বিদেশ মন্ত্রক পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি কন্ট্রোল রুম খুলেছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে। যোগাযোগের টোল ফ্রি নম্বর ১৮০০১১৮৭৯৭। এ ছাড়াও ১১২৩০১২১১৩, ১১২৩০১৪১০৪ এবং ১১২৩০১৭৯০৫ নম্বরে যোগাযোগ করা যাবে। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসের জরুরি নম্বর বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশ করা হয়েছে।