(বাঁ দিকে) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
ভারত থেকে আরও জ্বালানি তেল পাইপলাইনে রফতানি হচ্ছে বাংলাদেশ। প্রায় সাত হাজার টন ডিজ়েল যাচ্ছে পড়শি দেশ। অসমের নুমালিগড় তৈল শোধনাগার থেকে এই ডিজ়েল পাঠানো হচ্ছে বাংলাদেশে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। সেই প্রভাব পড়েছে বাংলাদেশেও। ‘প্রথম আলো’ জানাচ্ছে, মার্চে বাংলাদেশে ১৭টি জাহাজে করে ডিজ়েল যাওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত পৌঁছেছে মাত্র ন’টি। একটি জাহাজ বাংলাদেশের দিকে এগোচ্ছে। কিন্তু বাকি সাতটি জাহাজ কবে পৌঁছোবে, তা এখনও অনিশ্চিত। এ অবস্থায় ভারত থেকে আরও সাত হাজার টন ডিজ়েল কিনছে বাংলাদেশ।
শনিবার সন্ধ্যা থেকেই বাংলাদেশে এই জ্বালানি পৌঁছেতে শুরু করেছে। সোমবারের মধ্যে পুরো তেল বাংলাদেশে পৌঁছে যেতে পারে বলে অনুমান করছেন বাংলাদেশের আধিকারিকেরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানের কথায়, “পাইপলাইনে সরবরাহ অব্যাহত রয়েছে। বিকল্প উৎস সচল রাখায় বর্তমানে জ্বালানি সঙ্কটের আশঙ্কা নেই।”
এর আগে সম্প্রতি ভারত থেকে আরও পাঁচ হাজার টন ডিজ়েল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। নুমালিগড় তৈলশোধনাগার থেকে ওই পাঁচ হাজার টন ডিজ়েল পর্বতপুরী সীমান্ত হয়ে পৌঁছেছিল বাংলাদেশে। ওই সময়ে বিপিসি চেয়ারম্যান বলেছিলেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের ডিজ়েল সংক্রান্ত চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর ভারত ১ লক্ষ ৮০ হাজার টন ডিজ়েল পাঠাবে বাংলাদেশকে। এখন যে ডিজ়েল আসছে তা ওই চুক্তি অনুযায়ীই।’’