Anant Shastra Quick Reaction Surface-to-Air Missile

আকাশ প্রতিরক্ষা নিশ্ছিদ্র করতে এ বার সেনার হাতে ‘অনন্ত শস্ত্র’, ৩০ হাজার কোটির চুক্তি চূড়ান্ত করতে উদ্যোগ

ডিআরডিও-র সহযোগিতায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ‘অনন্ত শস্ত্র’ নির্মাণ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত ইলেকট্রনিক্স লিমিটেড’ (বেল)। ইতিমধ্যেই এ সংক্রান্ত এ সংক্রান্ত ‘অ্যাকসেপ্ট্যান্স অব নেসেসিটি’-র অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৫:৫৭
India to seal Rs 30,000 Crore Anant Shastra Quick Reaction Surface-to-Air Missile deal soon

ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: সংগৃহীত।

প্রস্তুতি শুরু হয়েছিল সিঁদুর অভিযানের পরেই। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র এবং মজবুত করতে দেশীয় প্রযুক্তির সেই ত্রিস্তরীয় ‘সুদর্শন চক্র’ (সামরিক পরিভাষায় যার নাম, ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম’ বা আইএডিডব্লিউএস) প্রস্তুতির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা হতে চলেছে এ বার। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও)-র তৈরি ‘কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল’ (কিউআরএসএএম) ‘অনন্ত শস্ত্র’ কেনার চুক্তি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Advertisement

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি (ডিএসি) ইতিমধ্যেই ‘অনন্ত শস্ত্র’ কেনার উদ্দেশ্যে ৩০ হাজার কোটি টাকার চুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত ‘অ্যাকসেপ্ট্যান্স অব নেসেসিটি’-র অনুমোদনও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আগামী কয়েক মাসের মধ্যেই চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ডিআরডিও-র সহযোগিতায় ‘অনন্ত শস্ত্র’ নির্মাণ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত ইলেকট্রনিক্স লিমিটেড’ (বেল)। ট্রাকে বহনযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দ্রুত প্রতিপক্ষের ড্রোন, হেলিকপ্টার, বিমান এমনকি ক্রুজ় ক্ষেপণাস্ত্রকে নিশানা করে আকাশেই ধ্বংস করতে পারে। পাশাপাশি, দ্রুত অবস্থান বদলে সক্ষম হওয়ায় শক্রপক্ষের ক্ষেপণাস্ত্র বা রকেটের পক্ষে একে নিশানা করা কঠিন। ভূমির ১০ কিলোমিটার উপরে প্রায় ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিখুঁত নিশানায় আঘাত করতে সক্ষম এই কিউআরএসএএম।

আইএডিডব্লিউএস আদতে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল (কিউআরএসএএম)। অ্যাডভান্সড ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম (ভিএসএইচওআরএডিএস) এবং ডায়রেক্ট এনার্জি ওয়েপন (ডিইডব্লিউ)। এই তিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়া এই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও ক্ষিপ্র এবং শক্তিশালী করে তুলেছে। কিউআরএসএএম লক্ষ্যবস্তুকে দ্রুত নিশানা করতে সক্ষম। আকাশেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে নিমেষে ধ্বংস করে দেবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। ভিএসএইচওআরএডিএস স্বল্প দূরত্বের কোনও লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারে। কাছাকাছি কোনও বিপদ আঁচ করলেই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় হয়ে উঠবে। অন্যদিকে, ডিইডব্লিউ হল অত্যাধুনিক লেজ়ার প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুপক্ষের কোনও অস্ত্র আকাশসীমায় ঢুকলেই তা নষ্ট করে দেবে। এই তিন ব্যবস্থা নিয়েই দেশের নয়া আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা আইএডিডব্লিউএস তৈরি করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন