—প্রতীকী ছবি।
রাজস্থানের জয়পুরে এক বিদেশি পর্যটককে হেনস্থার অভিযোগ উঠল পাঁচ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে এক জন নাবালকও আছে। তাকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি রবিবার সকালের। জাপানের এক মহিলা রাজস্থানের জয়পুরে জয়গড় দুর্গ দেখতে গিয়েছিলেন। সেই দুর্গ দেখার পর তিনি বেরিয়ে দুর্গের আশপাশেই ঘোরাফেরা করছিলেন। তাঁকে একা দেখে অনুসরণ করছিলেন পাঁচ জন। একটু ফাঁকা জায়গা দেখেই ওই পর্যটককে ঘিরে ধরেন অভিযুক্তেরা। তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। তাঁকে নানা ভাবে হেনস্থা করেন। পর্যটক চিৎকার করতেই কাছেই থাকা এক নিরাপত্তারক্ষী ছুটে আসেন। তাঁকে আসতে দেখে পালিয়ে যান অভিযুক্তেরা।
জয়পুর পুলিশের অতিরিক্ত ডিসি নীরজ পাঠক বলেন, ‘‘এক জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে এক নাবালককে। বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। খুব শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে।’’ পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সহযোগিতায় ওই বিদেশি পর্যটক পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এক জনকে গ্রেফতার করে। তাঁকে জেরা করে আরও এক নাবালকের হদিস পায় পুলিশ। তাকেও আটক করা হয়েছে। কিন্তু বাকি তিন অভিযুক্ত এখনও পলাতক।