Journalist Arrested

স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অসত্য খবর প্রকাশের অভিযোগ, উত্তরপ্রদেশে গ্রেফতার করা হল সাংবাদিককে

জেলা হাসপাতালের অতিরিক্ত সুপার নসন্তোষকুমার শ্রীবাস্তব থানায় অভিযোগ দায়ের করার কারণে পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশের দাবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১১
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অসত্য খবর পরিবেশনের অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হল এক সাংবাদিককে। ধৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের জমানায় অনিয়মের বিরুদ্ধে কলম ধরায় প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।

Advertisement

উত্তরপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, ঘটনাটি বলরামপুর জেলার তুলসীপুরের। লখনউভিত্তিক একটি দৈনিক সংবাদপত্রের স্থানীয় সংবাদদাতা দিবাকর কসোদা জেলা হাসপাতালের সুপার এবং অন্যান্য কর্মীর বিরুদ্ধে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন খবর লেখার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়। জেলা হাসপাতালের অতিরিক্ত সুপার নসন্তোষকুমার শ্রীবাস্তব থানায় অভিযোগ দায়ের করার কারণে পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশের দাবি। তুলসীপুর দেহাত থানার হাউস অফিসার গিরজেশ কুমার তিওয়ারি বলেন, ‘‘বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।’’

বৃহস্পতিবার দিবাকরকে আদালতে তোলা হলে বিচারক তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সন্তোষ বৃহস্পতিবার দাবি করেন, ধৃত সাংবাদিক এবং তাঁর কয়েক জন সঙ্গী তোলাবাজির কাজে যুক্ত। ভয় দেখিয়ে টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় দিবাকর গত ১৯ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক ভাবে সমাজমাধ্যমেও মিথ্যা প্রচার চালাচ্ছিলেন। যদিও দিবাকরের ভাই প্রভাকর সেই অভিযোগ উড়িয়ে বৃহস্পতিবার বলেন, ‘‘আমার দাদা জেলা স্বাস্থ্য দফতরের দুর্নীতির কথা ধারাবাহিক ভাবে প্রকাশ করছিলেন। তাই তিনি প্রশাসনিক প্রতিহিংসার শিকার হয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন