Punjab Chief Minister

পঞ্জাবের মুখ্যমন্ত্রী মানকে ‘গুরুবিরোধী’ তকমা, তাঁর সঙ্গে শিখদের সংস্রব ত্যাগের নির্দেশ, ভোটের মুখে বিপাকে আপ

বিতর্কের সূত্রপাত বেশ কিছু দিন আগে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োতে দেখা যায় শিখগুরুদের ছবিতে মদ ঢেলে দেওয়া হচ্ছে। সেখানে ভগবন্তও উপস্থিত ছিলেন বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:৩৮
Bhagwant Mann

ভগবন্ত সিংহ মান। —ফাইল চিত্র।

সামনেই পঞ্জাবের বিধানসভা ভোট। তার আগে বিপাকে আম আদমি পার্টি (আপ)-র সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। তাঁকে ‘গুরুবিরোধী’ বলে ঘোষণা করল শিখদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান অকাল তখ্‌ত। মুখ্যমন্ত্রী মানের একটি আপত্তিকর মন্তব্য এবং বিতর্কিত ভিডিয়ো ঘিরেই এই সিদ্ধান্ত।

Advertisement

সোমবার অকাল তখ্‌ত জানিয়েছে, শিখ ধর্মাবলম্বীরা কেউ যেন ভগবন্তের সঙ্গে সংস্রব না রাখেন। এ নিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

বিতর্কের সূত্রপাত বেশ কিছু দিন আগে একটি ছড়িয়ে পড়া ভিডিয়োকে কেন্দ্র করে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োতে দেখা যায় শিখগুরুদের ছবিতে মদ ঢেলে দেওয়া হচ্ছে। সেখানে ভগবন্তও উপস্থিত ছিলেন বলে অভিযোগ।

ওই নিয়ে বিতর্ক জোরালো হতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন ভিডিয়োটি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। কিন্তু অকাল তখ্‌ত জানাল, ফরেনসিক পরীক্ষায় ভিডিয়োটি ভুয়ো নয় বলেই জানা গিয়েছে। তা ছাড়াও শিখ ভক্তদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মানকে তখ্‌ত তলব করেছিল। গত ১৫ জানুয়ারি হাজিরও হয়েছিলেন আপ নেতা। তখ্‌ত তাঁকে একটি ভিডিয়ো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছিল, যেখানে তাঁর মতো দেখতে এক ব্যক্তিকে শিখ গুরুদের ছবিতে মদ ছিটিয়ে দিতে দেখা যায়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছিলেন, ‘‘ওটা এআই দিয়ে বানানো।’’

সোমবার জানা যায়, ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত যে ভিডিয়োটি আসল। তবে আপের তরফে বলা হয়, পরীক্ষায় এটা জানা যায়নি যে ওই ব্যক্তি আদতে মুখ্যমন্ত্রী মান কি না। এর মধ্যে তখ্‌তের তরফে জথেদার কুলদীপ সিংহ গরগজ তাঁদের রায় ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমরা ভিডিয়োটি নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি দাবি করেন যে এটি এআই-নির্মিত। আমরা তাঁর কাছে এর প্রমাণ চেয়েছিলাম। কিন্তু ছ’মাস ধরে কোনও সাড়া পাইনি। এর পর আমরা ভারত সরকার স্বীকৃত দু’টি পরীক্ষাগারে ভিডিয়োটি পরীক্ষা করিয়েছি। তাতে জানা গিয়েছে যে ভিডিয়োটি নকলও নয়, এআই-নির্মিতও নয়। তাই আজ আমরা পদক্ষেপ করলাম।’’

Advertisement
আরও পড়ুন