এই পরিস্থিতিতেই ব্যবহার করা হয় স্নিকোমিটার। ছবি: সমাজমাধ্যম।
ক্রিকেটে দীর্ঘ দিন ধরেই ‘স্নিকোমিটার’ প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে। এ বার ফুটবলেও দেখা গেল সেই জিনিস। রবিবার বিশ্বকাপে সুইডেন বনাম তিউনিশিয়া ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার করেই একটি গোল দেওয়া হল সুইডেনকে। প্রথমে সেটি অফসাইডে বাতিল হয়ে গিয়েছিল।
ঘটনাটি ঘটে ম্যাচের ৮৪তম মিনিটে। সবে মাঠে নেমেছিলেন মাতিয়াস ভ্যানবার্গের। ১৮ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি। সুইডেনের চতুর্থ গোল ছিল সেটি। ফুটবলার এবং কোচেরা উচ্ছ্বাস করতে থাকেন। তখনই দেখা যায়, লাইন্সম্যান সেই গোল অফসাইডের কারণে বাতিল করেছেন।
সুইডেন এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়। তারা দাবি করে, বল ভ্যানবার্গের কাছে আসার আগে আলেকজ়ান্ডার ইসাকের পা ছুঁয়েছে। ফলে ভ্যানবার্গ কোনও মতেই অফসাইডে ছিলেন না। তখন মাঠের রেফারি যোগাযোগ করেন ভিডিয়ো অ্যাসিসট্যান্ট রেফারির (ভার) সঙ্গে। বিশ্বকাপের ফুটবলগুলিতে বিশেষ এআই চিপ লাগানো রয়েছে। ফলে সূক্ষ্মতম স্পর্শও বোঝা সম্ভব। ক্রিকেটের স্নিকোমিটারের মতোই ‘বল-কনট্যাক্ট’ প্রযুক্তি ব্যবহার করে ভার দেখে, সুইডেনের দাবি সঠিক। বল লেগেছে ইসাকের পায়ে। তখনই সিদ্ধান্ত বদল করে সুইডেনকে গোল দেওয়া হয়।
সঙ্গে সঙ্গে আবার উৎসব শুরু করেন সুইডেনের কোচ, ফুটবলার, সমর্থকেরা। ম্যাচে সুইডেন জিতেছে ৫-১ গোলে। এটি এ বারের বিশ্বকাপে দ্বিতীয় বৃহত্তম জয়। রবিবার আগের ম্যাচে জার্মানি ৭-১ হারায় কুরাসাওকে।