লিয়োনেল স্কালোনি। —ফাইল চিত্র।
গত বারের চ্যাম্পিয়ন। এ বার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ লিয়োনেল মেসিদের সামনে। সম্ভবত সে কারণেই অতিরিক্ত সাবধানী আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের দু’দিন আগেও পরীক্ষা চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ।
দলকে কোন ছকে খেলাবেন, প্রথম একাদশে কাদের রাখবেন কিছুই চূড়ান্ত করেননি স্কালোনি। কোনও ইঙ্গিতও দেননি। বিশেষত ডিফেন্স নিয়ে নানা পরীক্ষা চালাচ্ছেন। অনুশীলনে কখনও তিন ডিফেন্ডারকে নিয়ে দল সাজাচ্ছেন, কখনও চার ডিফেন্ডার নিয়ে। উইং প্লেরও উপরও গুরুত্ব দিচ্ছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি রবিবারের অনুশীলনেও নানা পরীক্ষা করেছেন। স্বাভাবিক ভাবেই বিশ্বজয়ীদের নিয়ে নানা জল্পনা দানা বাঁধছে।
শনিবার অনুশীলনে প্রথমে ৪-৪-২ ছকে দল সাজিয়ে ছিলেন আর্জেন্টিনার কোচ। রক্ষণভাগে ছিলেন গঞ্জালো মন্টিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ়, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো। পরে রোমেরোর জায়গায় লেফটব্যাকে খেলানো হয় ফাকুন্দো মেদিনাকে। প্রথম ম্যাচে সম্ভবত ৪-৪-২ ছকে দল সাজাবেন। প্রতিপক্ষের খেলার ধরন বিচার করে পরিকল্পনা তৈরি করছেন। যদিও কিছুই স্পষ্ট নয়।
সেন্ট্রাল ডিফেন্সে কোন দু’জন তাও চূড়ান্ত নয়। লড়াই মূলত তিনজনের। আবার তিনজন একসঙ্গেও খেলতে পারেন। সে ক্ষেত্রে লিসান্দ্রো মার্তিনেজ়কে দেখা যাবে লেফটব্যাকে। স্কালোনি দলকে ৩-৫-২ ছকেও অনুশীলন করাচ্ছেন। অ্যাটাকিং উইং ব্যাক হিসাবে ডান দিকে জিউলিয়ানো সিমিয়োনে এবং বাঁ দিকে নিকোলাস গঞ্জালেজ়কে খেলানো হতে পারে। রাইট স্টপার হিসেবে রোমেরো, সুইপার পজিশনে ওটামেন্ডি এবং লেফট স্টপার হিসেবে থাকবেন মার্তিনেজ়।
মাঝমাঠ এবং আক্রমণ ভাগ নিয়ে অবশ্য পরিকল্পনা সেরে ফেলেছেন স্কালোনি। এঞ্জো ফ্রের্নান্দেজ়, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পলকে দেখা যেতে পারে মাঝমাঠের দায়িত্বে। আক্রমণে মেসির সঙ্গী হতে পারেন লাউতারো মার্তিনেজ়। তবে ১০০ শতাংশ নিশ্চিত নয় কিছুই।