Big Bash League

ভারতে কেন হবে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ? অস্ট্রেলিয়া এবং ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

বিগ ব্যাশ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ এ দেশে আয়োজন করতে দিতে রাজি হয়েছে বিসিসিআই। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারাও রাজি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ২০:৩১
picture of cricket

বিগ ব্যাশ লিগের ট্রফি। ছবি: এক্স।

অস্ট্রেলিয়ার আগামী বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ হবে ভারতে। চেন্নাইকে বেছে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। নিজেদের দেশে একাধিক বিশ্বমানের স্টেডিয়াম থাকতেও কেন ভারতকে বেছে নেওয়া হল? জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

Advertisement

বিগ ব্যাশ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ এ দেশে আয়োজন করতে দিতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারাও রাজি। চিপক স্টেডিয়ামের পরিকাঠামো-সহ বিভিন্ন ব্যবস্থা দেখে গিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের শেষ ঘরের ম্যাচ দেখতে এসেছিলেন তাঁরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ইচ্ছা নিয়ে ধুমল সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘দেখুন, ভারত এখন ক্রিকেটের সবচেয়ে বড় বাজার। ক্রিকেট অস্ট্রেলিয়া এই সুযোগ কাজে লাগাতে চায়।’’ ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই বিগ ব্যাশ লিগকে ভারতে স্বাগত জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ধুমল আরও বলেছেন, ‘‘ভারত এখন ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ক্রিকেটে অবদান রাখার প্রচুর সুযোগ রয়েছে আমাদের। ক্রিকেট অলিম্পিক্সেরও অংশ হতে চলেছে। এটা খেলাটার জন্য ভীষণ ইতিবাচক। গোটা বিশ্বের সঙ্গে ক্রিকেটের পরিচয় করিয়ে দেওয়ার দারুণ সুযোগ। আমি নিশ্চিত ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা তাঁদের ব্যবসায়িক দিকটি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের এই ঘরোয়া প্রতিযোগিতার আরও উন্নতি হবে বলে তাঁরা আশাবাদী।’’

সম্ভবত যে সব ভারতীয় সংস্থা বিপুল বিনিয়োগ করে, সেই সংস্থাগুলিকে আকৃষ্ট করার জন্যই এ দেশে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ আয়োজনের কথা ভেবেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রতিযোগিতা জনপ্রিয় হলে আর্থিক ভাবে লাভবান হতে পারে অস্ট্রেলিয়ার ক্রিকেট।

Advertisement
আরও পড়ুন