Mangalsutra

স্ত্রীর গলায় মঙ্গলসূত্র না থাকলে স্বামীর ‘অনুরাগ’ জন্মাবে কেন? পর্যবেক্ষণ বিচারকের!

জাহগীরদার এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখ করেন। একটি দায়রা আদালতে এক দম্পতির হয়ে মামলা লড়ছিলেন তিনি। সেই শুনানিতেই তাঁর মক্কেলকে ‘নমনীয়তা’-র কথা বুঝিয়েছিলেন বিচারক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৬:১২
মঙ্গলসূত্র, টিপ পরা নিয়ে পরামর্শ দিলেন বিচারক।

মঙ্গলসূত্র, টিপ পরা নিয়ে পরামর্শ দিলেন বিচারক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্ত্রীর কপালে টিপ, গলায় মঙ্গলসূত্র না থাকলে স্বামী তাঁর প্রতি অনুরক্ত হবেন কী ভাবে? নিম্ন আদালতে এক দম্পতির মধ্যে মিটমাট করাতে গিয়ে এমনটাই জানালেন বিচারক। বিচারকের এই পর্যবেক্ষণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

পুণের আইনজীবী অঙ্কুর আর জাহগীরদার সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে এই শুনানির কথা লিখেছেন। তিনি জানিয়েছেন, গার্হস্থ্য হিংসার মামলায় ওই দম্পতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তখনই মধ্যস্থতা করে বিষয়টি মিটমাট করানোর চেষ্টা করেছিলেন বিচারক। আর সে সময় তাঁর পর্যবেক্ষণ, ‘‘আমি দেখতে পাচ্ছি, আপনি কপালে টিপ, গলায় মঙ্গলসূত্র পরেননি। আপনি বিবাহিত মহিলার মতো আচরণ না করলে আপনার স্বামী কী ভাবে অনুরাগ প্রকাশ করবেন?’’ ওই আইনজীবীর অভিযোগ, নিম্ন আদালতে অনেক বিচারকই এ ধরনের মন্তব্য করেন। তাঁর কথায়, ‘‘জেলা আদালতে এ রকম আরও অনেক কিছু হয়ে থাকে, যা কোনও শিক্ষিত যুক্তিবাদী ব্যক্তির বিবেকে ধাক্কা দিতে পারে। দুর্ভাগ্যজনক ভাবে কিছু বিষয় নিয়ে আমাদের সমাজের সহনশীলতা খুব বেশি।’’

জাহগীরদার এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখ করেন। একটি দায়রা আদালতে এক দম্পতির হয়ে মামলা লড়ছিলেন তিনি। সেই শুনানিতেই তাঁর মক্কেলকে ‘নমনীয়তা’-র কথা বুঝিয়েছিলেন বিচারক। তিনি পোস্টে লিখেছেন, ‘‘এক জন মহিলা ভাল রোজগার করলে সব সময়েই নিজের থেকে বেশি রোজগেরে স্বামী খোঁজেন। তাঁর থেকে কম রোজগেরে স্বামীকে গ্রহণ করেন না। কোনও পুরুষ যদি ভাল রোজগার করেন, তা হলে নিজের বাড়ির পরিচারিকাকেও বিয়ে করতে পারেন। দেখুন, পুরুষেরা কতটা নমনীয়। আপনারও নমনীয়তা দেখানো প্রয়োজন। এত অনমনীয় হবেন না।’’

Advertisement
আরও পড়ুন