লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। ছবি: সংগৃহীত।
দেশের পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি তিনি। আগামী ৩০ জুন ধীরজ দায়িত্বগ্রহণ করবেন। তিনি বর্তমানে বাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে কর্মরত। চার দশকের দীর্ঘ কর্মজীবনে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ বাহিনীতে দু’টি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দিয়েছেন।
পুণের খড়কওয়াসলায় ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-র প্রাক্তন ক্যাডার লেফটেন্যান্ট জেনারেল ধীরজ। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি আর্মার্ড কোরের অফিসার হিসাবে নিযুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে বাহিনীতে অবদানের জন্য বহু পদকও পেয়েছেন। ২০২২ সালে ‘অতি বিশিষ্ট সেবা পদক’ পান এই সেনাকর্তা। পরে ২০২৫ সালে ‘পরম বিশিষ্ট সেবা পদক’ এবং ২০২৬ সালে ‘উত্তম যুদ্ধ সেবা পদক’ও পান। সেনা কমান্ডার হিসাবে তিনি সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাদার্ন কমান্ড উভয়েরই দায়িত্বে ছিলেন তিনি।
ভারতীয় সেনার হবু চিফ অফ আর্মি স্টাফের কাজের পরিধিও বেশ বিস্তৃত। মরুভূমি অঞ্চলের এক আর্মার্ড রেজিমেন্ট, ওয়েস্টার্ন থিয়েটারে একটি আর্মর্ড ব্রিগেড সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদমনের জন্য কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ‘সুদর্শন চক্র কোর’-এরও নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ।
বাহিনীর ‘দিল্লি এরিয়া’র জেনারেল অফিসার কমান্ডিং হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এই পদে থাকাকালীন দেশের মধ্যে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাহিনীর বিভিন্ন কার্যক্রম তদারকি করেছেন তিনি। বাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রেও লেফটেন্যান্ট জেনারেল ধীরজের অবদান অনস্বীকার্য। পিআইবি এক বিবৃতিতে জানিয়েছে, বাহিনীর আধুনিকীকরণ থেকে শুরু করে দক্ষতা বৃদ্ধি-সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে তাঁর। ‘হায়ার কমান্ড কোর্স’ এবং ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ’-এর স্নাতক ধীরজ প্যারিসে ‘কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স’-এও অংশগ্রহণ করেছেন।
শনিবার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে লেফটেন্যান্ট ধীরজকে পরবর্তী চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত করা হচ্ছে। ২০২৮ সালের ৩১ অগস্ট পর্যন্ত এই পদে নিযুক্ত থাকবেন তিনি।