Manish Sisodia

আবগারি মামলা: শুনানি বয়কটে চিঠি সিসৌদিয়ার

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরীওয়াল, সিসৌদিয়াদের আবগারি কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্ত করার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছে সিবিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৮:২৯
মণীশ সিসৌদিয়া।

মণীশ সিসৌদিয়া। — ফাইল চিত্র।

অরবিন্দ কেজরীওয়ালের পর এ বার আপের আর এক শীর্ষস্থানীয় নেতা মণীশ সিসৌদিয়াও আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার এজলাসে শুনানি বয়কট করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। ওই মামলা বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার আদালত থেকে সরানোর জন্য কেজরীওয়াল, সিসৌদিয়াদের আর্জি সম্প্রতি খারিজ হয়ে গিয়েছে। তার পরেই আপ নেতারা তাঁদের এই সিদ্ধান্তের কথা চিঠি লিখে বিচারপতিকে জানিয়েছেন।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরীওয়াল, সিসৌদিয়াদের আবগারি কেলেঙ্কারির অভিযোগ থেকে মুক্ত করার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেছে সিবিআই। দিল্লি হাই কোর্টের বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা শুনানির সময় মতপ্রকাশ করেছেন যে আবগারি কেলেঙ্কারির অভিযোগ নিয়ে নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়ায় ভুল ছিল। এর পরেই কেজরীওয়াল, সিসৌদিয়ারা হাই কোর্টের ওই বিচারপতির কাছ থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন। বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার সামনে এ ব্যাপারে নিজেই সওয়াল করেছিলেন কেজরীওয়াল। কিন্তু কেজরীওয়ালের সেই আর্জি সম্প্রতি খারিজ করে দিয়েছেন বিচারপতি শর্মা। জানিয়ে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতার জন্য আদৌ কোনও বাধা নয়। মামলার বিচার প্রক্রিয়া থেকে তাঁর সরে যাওয়ার প্রশ্ন উঠছে না। এর পরেই সিসৌদিয়া শুনানি বয়কটের কথা জানিয়ে বিচারপতি শর্মাকে চিঠি লিখেছেন।

চিঠিতে সিসৌদিয়া লিখেছেন, কেজরীওয়ালের মতো তিনিও মোহনদাস কর্মচন্দ গান্ধীর সত্যাগ্রহ নীতিতে বিশ্বাস রাখেন এবংতাঁর বিবেকের কাছে এর কোনও বিকল্প ছিল না। তবে তিনি শুধুমাত্র আবগারি কেলেঙ্কারির অভিযোগ নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার আদালতে অন্য সব ক্ষেত্রে এমন পদক্ষেপ করবেন না তিনি। কারণ, তাতে মনে হতে পারে বিচারব্যবস্থার প্রতিই অনাস্থা দেখাচ্ছেন।

সিসৌদিয়া আরও লিখেছেন, অখিল ভারতীয় অভিবক্তা পরিষদের অনুষ্ঠানে বিচারপতি শর্মার বারবার অংশগ্রহণ এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবী হিসেবে তাঁর সন্তানদের যোগদানের বিষয়টি তাঁকে অস্বস্তিতে ফেলেছে। আপ নেতার যুক্তি, বিচারপতি শর্মার আইনজীবী সন্তানদের যোগ্যতা নিয়ে তাঁর কোনও প্রশ্ন নেই। তবে এই পরিস্থিতিতে স্বার্থের সংঘাতের প্রশ্ন এড়ানো যাচ্ছে না। এর সঙ্গেই সিসৌদিয়ার ব্যাখ্যা, তাঁর এই পদক্ষেপ নিয়ে কেউ মনে করতে পারেন যে তিনি হয়তো বিচার ব্যবস্থাকে আঘাত করছেন। বাস্তবে বিষয়টি তা নয়। বিচার ব্যবস্থার প্রতি তাঁর শ্রদ্ধা অটুট রয়েছে।

আরও পড়ুন