Pak Drone in Jammu and Kashmir

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু-কাশ্মীরের পুঞ্চে ঢুকে পড়েছিল ড্রোন, সেনা গুলি করতেই পালিয়ে যায় পাকিস্তানের দিকে

সেনা সূত্রে খবর, পুঞ্চের ডিগওয়ার এলাকায় রবিবার সকাল ৬টা ১০ মিনিটে একটি ড্রোনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তাবাহিনী। ড্রোনটি কয়েক মিনিট ধরে চক্কর কাটতে থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৩:৪২
ছবি: এআই সহায়তায় প্রণীত।

ছবি: এআই সহায়তায় প্রণীত।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে রবিবার সকালে জম্মু-কাশ্মীরের পুঞ্চে ঢুকে পড়েছিল পাকিস্তানের দিকে থেকে আসা একটি ড্রোন। সন্দেহজনক ড্রোনটি নজরে আসতেই তৎপর হয় সেনা। সেটিকে গুলি করে নামানোর চেষ্টা করতেই আবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যায়।

Advertisement

সেনা সূত্রে খবর, পুঞ্চের ডিগওয়ার এলাকায় রবিবার সকাল ৬টা ১০ মিনিটে একটি ড্রোনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তাবাহিনী। ড্রোনটি কয়েক মিনিট ধরে চক্কর কাটতে থাকে। সেটিকে লক্ষ্য করে গুলি চালায় সেনা। গুলি চলা শুরু হতেই ড্রোনটি পাক-অধিকৃত কাশ্মীরের দিকে চলে যায়। এই নিয়ে তিন দিনের মধ্যে দু’বার এ রকম ঘটনা ঘটল বলে সেনা সূত্রে খবর। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন ঢুকে পড়েছিল জম্মু-কাশ্মীরে। সঙ্গে সঙ্গে সেনা সেটিকে গুলি করে নামায়।

প্রসঙ্গত, এর আগেও বার বার পাকিস্তানের দিক থেকে ড্রোন উড়ে আসতে দেখা গিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলিকে গুলি করে নামানো হয়েছে। সেনা সূত্রে খবর, বেশির ভাগ ক্ষেত্রেই মাদক পাচার করা হয় এই ধরনের ড্রোন ব্যবহার করে। কখনও আবার অস্ত্র পাচারের সময়েও এই ধরনের ড্রোনকে গুলি করে নামিয়েছে সেনা। কখনও কখনও আবার নজরদারি চালাতেও এই ড্রোন ব্যবহার করা হয়। এই ঘটনার পর পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযান শুরু হয়েছে। নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন