Narendra Modi on Youtube

ইনস্টাগ্রামের পর ইউটিউব! ডিজিটাল দুনিয়ায় আরও এক রেকর্ড মোদীর, বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসাবে সাবস্ক্রাইবার ছাড়াল ৩ কোটি

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসাবে ১০ কোটি ফলোয়ার ছুঁয়ে ফেলেছেন মোদী। ওই ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর পরেই রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৩:৪৭
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

ডিজিটাল দুনিয়ায় আরও এক রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রামের পর এ বার ইউটিউবেও জনপ্রিয়তার শিখরে পৌঁছোলেন তিনি। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসাবে ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা তিন কোটি ছাড়াল প্রধানমন্ত্রীর। আর সেই সঙ্গে এই ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছোলেন। শুধু তা-ই নয়, সবচেয়ে বেশি ‘সাবস্ক্রাইবড’ চ্যানেল মোদীর ইউটিউব অ্যাকাউন্ট।

Advertisement

ডিজিটাল এই প্ল্যাটফর্মে ফলোয়ারের নিরিখে মোদীর পরেই রয়েছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। যদিও তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা মোদীর মোট সাবস্ক্রাইবারের সংখ্যার এক-চতুর্থাংশ। জাতীয় স্তরে অর্থাৎ ভারতের রাজনীতিকদের মধ্যে মোদীর পরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসাবে ১০ কোটি ফলোয়ার ছুঁয়ে ফেলেছেন মোদী। ওই ডিজিটাল প্ল্যাটফর্মে মোদীর পরেই রয়েছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তাঁর অনুগামী সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ। তার পর রয়েছেন ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিয়ো লুলা দ্য ডি’সিলভা (১ কোটি ৪৪ লক্ষ), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোয়ান (১ কোটি ১৬ লক্ষ)। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই (৬৪ লক্ষ)। আর এটা থেকেই স্পষ্ট, দেশ হোক বা বিদেশ, মোদীর জনপ্রিয়তা যে যুবসমাজের মধ্যে দৃশ্যত অনেক বেশি তা বলাই বাহুল্য।

ইনস্টাগ্রামে জনপ্রিয়তার নিরিখে দেশের রাজনৈতিক এবং হেভিওয়েট নেতাদেরও অনেক পিছনে ফেলে দিয়েছেন মোদী। জাতীয় স্তরে মোদীর পরই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী য়োগী আদিত্যনাথ। তাঁর অনুগামী সংখ্যা ১ কোটি ৬১ লক্ষ। তার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী (১ কোটি ২৬ লক্ষ)। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন মোদী। তার পর থেকে গত এক দশকে সমাজমাধ্যমের এই প্ল্যাটফর্মে তাঁর জনপ্রিয়তা অতুলনীয় ভাবে বেড়েছে। এ বার ইউটিউবেও জনপ্রিয়তার নিরিখে বিশ্বের রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে দিলেন মোদী।

Advertisement
আরও পড়ুন