Vizag Rich Thief

নামী তথ্যপ্রযুক্তি সংস্থার কাজ ছেড়ে শুরু করেন লোকের বাড়িতে চুরি! বিএমডব্লিউ গাড়ির মালিক সেই অভিযুক্ত গ্রেফতার

সানিকে গ্রেফতারির ফলে সাম্প্রতিক অতীতে অন্ধ্রপ্রদেশের ৬০ গৃহস্থের বাড়িতে চুরির তদন্তও গুটিয়ে আনতে পেরেছে পুলিশ। এর মধ্যে ২৬টি চুরি হয়েছে শুধু ভাইজ়াগের মধ্যেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬
অছিমহেশ রেড্ডি ওরফে সানি। চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি।

অছিমহেশ রেড্ডি ওরফে সানি। চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর পাশ। পেশায় ছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী। কিন্তু সেই কাজ ছেড়ে নিজের বিলাসবহুল জীবনের চাহিদা পূরণ করতে লোকের বাড়িতে চুরি করতে শুরু করেন যুবক। রয়েছে একটি বিএমডব্লিউ গাড়িও। ছুটি কাটাতে বিদেশভ্রমণেও যান। অবশেষে অন্ধ্রপ্রদেশের সেই ২৭ বছর বয়সি যুবককে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

ধৃত যুবকের নাম অছিমহেশ রেড্ডি ওরফে সানি। তিনি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন প্রান্তে অন্তত ৬০টি বাড়িতে চুরি করছেন বলে পুলিশ সূত্রে খবর। গত কয়েক মাস ধরেই এমন বেশ কিছু বাড়িতে চুরির অভিযোগ পাচ্ছিলেন বিশাখপত্তনমের পুলিশকর্মীরা। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেন তাঁরা। রবিবার বিশাখাপত্তনম থেকে অভিযুক্ত সানিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত যুবকের শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বের পেশাগত অভিজ্ঞতা দেখে কিছুটা চমকে গিয়েছেন তদন্তকারীরাও। জানা যাচ্ছে, ওই যুবক স্নাতকোত্তর পাশ। এককালে হায়দরাবাদের এক নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, সানির বাড়ি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এলাকায়। তবে তিনি থাকতেন ভাইজ়াগের মাধবধারা এলাকায়। তাঁর একটি বিএমডব্লিউ গাড়ি রয়েছে। বিভিন্ন সময়ে ছুটি কাটাতে বিদেশভ্রমণেও যান তিনি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন সানি। এবং, সেই জীবনযাপনের চাহিদা পূরণ করতেই চুরি শুরু করেন তিনি।

জানা যাচ্ছে, সানিকে গ্রেফতারির ফলে সাম্প্রতিক অতীতে অন্ধ্রপ্রদেশের ৬০ গৃহস্থের বাড়িতে চুরির তদন্তও গুটিয়ে আনতে পেরেছে পুলিশ। এর মধ্যে ২৬টি চুরি হয়েছে শুধু ভাইজ়াগের মধ্যেই। ভাইজ়াগের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে ২৪ লক্ষ টাকার সম্পত্তি চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে এক কেজিরও বেশি সোনা এবং প্রায় সাড়ে ছয় কেজি রুপো। গ্রেফতারির সময়ে সানির কাছ থেকে প্রায় ৭০০ গ্রাম সোনা, চার কেজির কাছাকাছি রুপো এবং একটি বিএমডব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের অনুমান, গাড়িটিও চুরির টাকাতেই কেনা হয়েছে।

Advertisement
আরও পড়ুন