Dacoity

পঞ্চায়েত ভোটে লড়তে ডাকাতি! প্রধান হওয়ার জন্য ভিন্‌রাজ্যে গিয়ে ৩৮ লক্ষ টাকার গয়না লুট

পুলিশ সূত্রে খবর, রাজকোটের যে এলাকায় গিয়েছিলেন দীনেশ, সেই এলাকা সম্পর্কে ভাল ভাবে খোঁজখবর নেন তাঁরই এক পরিচিতের সূত্র ধরে। তার পর ডাকাতির পরিকল্পনা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫১
উদ্ধার হওয়া গয়না। ছবি: সংগৃহীত।

উদ্ধার হওয়া গয়না। ছবি: সংগৃহীত।

পঞ্চায়েত ভোটে লড়ার জন্য ডাকাতির অভিযোগ উঠল রাজস্থানের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ভিন্‌রাজ্যে গিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম দীনেশ মীনা। তাঁর বিরুদ্ধে ৩৮ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ উঠেছে।

Advertisement

ঘটনাটি জানুয়ারির হলেও সোমবার ধরা পড়েছেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, রাজস্থানে সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনে লড়াইয়ের জন্য টাকা দরকার। প্রধান হওয়ার বাসনা ছিল দীনেশের। কিন্তু হাতে টাকাপয়সাও নেই। তাই প্রধান হওয়ার প্রবল বাসনায় শেষমেশ ডাকাতির পরিকল্পনা করেন। কাজের সূত্রে গুজরাতের রাজকোটে গিয়েছিলেন দীনেশ। সেখানেই একটি বাড়ি থেকে গয়না এবং নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, রাজকোটের যে এলাকায় গিয়েছিলেন দীনেশ, সেই এলাকা সম্পর্কে ভাল ভাবে খোঁজখবর নেন তাঁরই এক পরিচিতের সূত্র ধরে। তার পর ডাকাতির পরিকল্পনা করেন। পুলিশ জানিয়েছে, দীনেশ জানতে পারেন যে এলাকায় তিনি থাকেন, সেই এলাকারই একটি পরিবারের সদস্যেরা সকলে বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন। পরিবারটিও প্রতিপত্তিশালী। আর এক মুহূর্ত দেরি করেননি দীনেশ। রাতেই ‘অপারেশন’ শুরু করেন। ওই বাড়ি থেকে গয়না এবং নগদ মিলিয়ে ৩৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন। বাড়ি ফিরে ওই পরিবার দেখে সব কিছু লন্ডভন্ড। টাকা, গয়না উধাও। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করে ওই পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। গুজরাত পুলিশ জানিয়েছে, গত এক মাস ধরে ২০০ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। জানা যায়, অভিযুক্ত রাজস্থানের বাসিন্দা। তার পরই দীনেশকে গ্রেফতারের জন্য রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করে রাজকোট পুলিশ। সোমবার দীনেশকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে দীনেশকে জেরায় পুলিশ জানতে পেরেছে, ভোটে লড়ার টাকা জোগাড়ের জন্যই তিনি ডাকাতি করেছিলেন। তবে তাঁর দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন