Shiv Sena UTB

‘তিন দিনে মন বদলেছে’! দলত্যাগের বিষয় স্পষ্ট করলেন উদ্ধব শিবিরের বিদ্রোহী সাংসদ, ব্যাখ্যা করলেন কারণও

তিনি ছাড়া বিদ্রোহী দলে আর কারা আছেন, তা স্পষ্ট করে জানাননি নাগেশ। তবে বিভিন্ন সূত্রে খবর, নাগেশ ছাড়াও বিদ্রোহীদের মধ্যে রয়েছেন সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, সঞ্জয় দিনা পাটিল, ওমপ্রকাশ রাজেনিম্বলকর, ভাওসাহেব ওয়াকচুরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ২২:৪৬
Rebel UBT MP clarify why they switch to party

উদ্ধব ঠাকরে। — ফাইল চিত্র।

উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি)-তে ভাঙনের নেপথ্যের কারণ জানালেন ‘বিদ্রোহী’ সাংসদ নাগেশ আশিতকর পাতিল। একনাথ শিন্দের শিবিরে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানালেন, গত ১৮ জুনের পর থেকে তাঁর এবং বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে করা একের পর এক মন্তব্যই মন পরিবর্তন করিয়েছে।

Advertisement

কেন উদ্ধবের হাত ছাড়তে চলেছেন তিনি? সেই প্রসঙ্গে হিঙ্গোলির সাংসদ জানান, তাঁর নিজের সংসদীয় এলাকার জন্য উন্নয়ন তহবিলের অভাব ছিল যথেষ্ট। শুধু তা-ই নয়, বিরোধী দলে থাকার সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন নাগেশ। মহারাষ্ট্রে ‘অপারেশন টাইগার’ শুরুর জল্পনার পর প্রথম মুখ খুললেন কোনও বিদ্রোহী সাংসদ। তিনি জানান, ১৮ জুন পর্যন্ত তাঁরা দলবদল বা দলত্যাগের কোনও সিদ্ধান্ত নেননি।

ভিডিয়োবার্তায় নাগেশ বলেন, ‘‘আমি এবং উদ্ধব শিবিরের কয়েক জন সাংসদ ১৮ জুন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিইনি। আমরা কোথাও যাইনি। কিন্তু বৃহস্পতিবার থেকে আমাদের বিরুদ্ধে কিছু মন্তব্য করা হচ্ছিল, যার ফলে আমরা বুঝতে পেরেছি এখানে (উদ্ধব শিবির) থেকে আমাদের আর কোনও লাভ নেই।’’ তিনি এ-ও জানান, উদ্ধব ঠাকরে বা দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের উপর রুষ্ট নন। নাগেশের দাবি, তাঁর সংসদীয় এলাকার উন্নয়ন তহবিল জোগা়ড় করতে না-পারাই দলত্যাগের সিদ্ধান্ত বড় ভূমিকা নিয়েছে।

নাগেশের কথায়, ‘‘আমরা ক্ষমতায় না-থাকায় দলীয় কর্মীদের কাজ হচ্ছে না। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব। কিন্তু আমরা কোনও উন্নয়ন করতে পারছিলাম না। আমাদের তহবিলের প্রয়োজন। সেই কারণে আমি এই পদক্ষেপ করেছি।’’ নাগেশের মতে, তাঁদের এই সিদ্ধান্তে দলের অনেকে অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু শেষপর্যন্ত সকলে বুঝবেন কেন তাঁরা এই সিদ্ধান্ত নিলেন।

আরও খবর, ইতিমধ্যেই তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন। তাঁরা স্পিকারকে জানিয়েছেন, উদ্ধবের শিবসেনা বাল ঠাকরের পুরনো মতাদর্শ ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। আগামী দিনে তারা কংগ্রেসে মিশে যাবে। তাই তাঁরা দল ছাড়তে চান। সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন উদ্ধব নিজেই। তিনি জানিয়ে দিয়েছেন। কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁদের নেই।

Advertisement
আরও পড়ুন