Venezuela Oil

ভেনেজ়ুয়েলার তেল কেনা ফের শুরু করে দিল ভারত! রিলায়্যান্স গোষ্ঠী অশোধিত জ্বালানি নিয়ে আসছে আমেরিকার মাধ্যমে

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা অপহরণের পর থেকেই সে দেশের তেল নতুন করে আলোচনায় উঠে এসেছে। আমেরিকার সংস্থাগুলি আবার ভেনেজ়ুয়েলার তৈলক্ষেত্রে প্রবেশ করতে শুরু করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৬
(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতকে ভেনেজ়ুয়েলার তেল বিক্রিতে আরও গতি আনছে আমেরিকা। এ বার মার্কিন সংস্থা শেভরন-এর কাছ থেকে ওই তেল কিনেছে ভারতের রিলায়্যান্স গোষ্ঠী। এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা রয়টার্স। গত দু’বছরে এই প্রথম বার শেভরন-এর থেকে ভেনেজ়ুয়েলার তেল রিলায়্যান্সের কাছে আসছে বলে জানা যাচ্ছে। রয়টার্স জানাচ্ছে, ভেনেজ়ুয়েলার বসকান তৈলক্ষেত্র থেকে উত্তোলিত অশোধিত তেল কিনছে রিলায়্যান্স। চলতি মাসেই শেভরন-এর সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে তাদের। যদিও সংস্থার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement

শুধু রিলায়্যান্স গোষ্ঠীই নয়, অন্য বেশ কিছু ভারতীয় সংস্থাও ভেনেজ়ুয়েলার তেল কেনার বিষয় আগ্রহী হয়েছে। রয়টার্স কয়েক দিন আগেই জানায়, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাও এই তালিকায় রয়েছে। তেমনই রিলায়্যান্স এবং এইচপিসিএল-মিত্তল গোষ্ঠীর নামও উঠে আসে। রয়টার্স অনুযায়ী, এই সকল সংস্থাই ভেনেজ়ুয়েলার তেল কেনার জন্য বরাত দিয়েছে।

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা অপহরণ করার পর থেকেই সে দেশের তেল নতুন করে আলোচনায় উঠে এসেছে। আমেরিকার সংস্থাগুলি আবার ভেনেজ়ুয়েলার তৈলক্ষেত্রে প্রবেশ করতে শুরু করেছে। ওই তেল যে ভারতকেও বিক্রি করতে আগ্রহী আমেরিকা, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর গত শুক্রবারই বলেছিলেন, দিল্লির সঙ্গে এ বিষয়ে সক্রিয় ভাবে আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন।

বস্তুত, ভারত বার বার স্পষ্ট করেছে, জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনও একটি দেশের উপর নির্ভরশীল থাকতে চায় না তারা। কোনও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না-থাকলে যে দেশ থেকে তেল কেনা বেশি লাভজনক হবে, সেখান থেকেই কেনা হবে। ২০১৯ সালে ভেনেজ়ুয়েলার তেলের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। তার আগে ভেনেজ়ুয়েলার তেল আমদানির দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ ছিল ভারত।

ভেনেজ়ুয়েলা বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তৈলভান্ডার। এই দেশে সংরক্ষিত রয়েছে ৩০ হাজার কোটি ব্যারেল তেল। মাদুরোকে অপহরণের পরে ট্রাম্প দাবি করেন, ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তিকালীন প্রশাসন আমেরিকাকে ৩-৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের’ তেল দেবে, যা বিক্রি হবে বাজারমূল্যে। তিনি এ-ও ঘোষণা করেন, তেল বিক্রি করে যা টাকা আসবে তার নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতে।

Advertisement
আরও পড়ুন