ইউপিএসসি। ছবি: সংগৃহীত।
আর কয়েক মাস পরেই শুরু হতে চলেছে চলতি বছরের সিভিল সার্ভিসেস এগ্জ়ামিনেশন (সিএসই)। সে জন্য গত ৪ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর তরফে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এ বার পরীক্ষায় আবেদনের মেয়াদ বাড়াল কমিশন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, ইউপিএসসি সিএসই পরীক্ষায় আবেদনের শেষ দিন ছিল ২৪ ফেব্রুয়ারি। কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে এ বার ২৭ ফেব্রুয়ারি করা হয়েছে। পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়েই আবেদন জানাতে পারবেন। সংরক্ষিতেরা বাদে বাকিদের জন্য নির্ধারিত আবেদনমূল্য ১০০ টাকা।
এ ক্ষেত্রে উল্লেখ্য, প্রথম বার যাঁরা আবেদন জানাবেন, তাঁদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন (ওটিআর) প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে যাঁরা নতুন প্রার্থী নন, তাঁদের নিজস্ব লগ ইন সংক্রান্ত তথ্য দিয়েই নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের সময় নিজেদের ছবি, স্বাক্ষর, সচিত্র প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ বাকি নথিও জমা দিতে হবে।
চলতি বছরে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতরে ৯৩৩ টি শূন্যপদে সিএসই পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস)-সহ অন্য গ্রুপ-এ এবং বি পদে আধিকারিক নিয়োগ করা হবে। প্রথম ধাপের প্রিলিমিস-এর আয়োজন করা হবে ২৪ মে। মেন পরীক্ষা হবে ২১ অগস্ট।