Russian Oil

ইরান-আমেরিকা যুদ্ধ: ভারতে জ্বালানির চাহিদা পূরণে রাশিয়া তেল সরবরাহ করতে প্রস্তুত, বার্তা মস্কোর

আমেরিকা অবশ্য বারবার দাবি করেছে, মার্কিন মুলুকের হুঁশিয়ারির পরে রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। তবে এখনও স্বাক্ষরিত হয়নি ভারত ও আমেরিকার বাণিজ্যচুক্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৩:৩৮

—প্রতীকী চিত্র।

ইরান ও আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধের আবহে হরমুজ় প্রণালী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। যদিও ভারত জানিয়েছে, আপাতত পর্যাপ্ত জ্বালানি আছে। তবুও ভারতের পাশে থাকার আশ্বাস দিচ্ছে রাশিয়া। জানিয়েছে, জ্বালানি সরবরাহে কোনও সমস্যা হলে ভারতের চাহিদা পূরণ করতে রাশিয়া প্রস্তুত তেল সরবরাহ জারি রাখতে।

Advertisement

ইরান প্রত্যাঘাত জারি রেখেছে। বিভিন্ন দেশে আমেরিকার দূতাবাস, সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। রেহাই পাচ্ছে না বিভিন্ন উৎপাদন কেন্দ্র বা তৈল শোধনাগারও। যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি ক্ষেত্র-সহ একাধিক আন্তর্জাতিক বাণিজ্যপথে।

২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক-জরিমানা চাপিয়েছিল আমেরিকা। ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতায় শুল্কের হার ১৮ শতাংশে নামে। যদিও তার পর মার্কিন সুপ্রিম কোর্ট শুল্ক সংক্রান্ত ট্রাম্পের যাবতীয় নির্দেশ খারিজ করে দেয়। অবশ্য ট্রাম্প এর পরেও ১৫ শতাংশ শুল্কের ঘোষণা করে রেখেছেন।

আমেরিকা অবশ্য বারবার দাবি করেছে, মার্কিন মুলুকের হুঁশিয়ারির পরে রাশিয়া থেকে তেল আমদানি কমিয়েছে ভারত। তবে এখনও স্বাক্ষরিত হয়নি ভারত ও আমেরিকার বাণিজ্যচুক্তি। এই পরিস্থিতিতে ইরান ও আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধের মধ্যে ভারতের পাশে থাকার বার্তা দিল পুতিনের দেশ।

Advertisement
আরও পড়ুন