লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। —ফাইল চিত্র।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁস নিয়ে কেন্দ্রের নীরবতায় ক্ষুব্ধ লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার ফের অনশনে বসার হুঁশিয়ারি দিলেন তিনি। নিট-কাণ্ডে জবাবদিহির জন্য কেন্দ্রীয় সরকারকে সময় বেঁধে দিয়েছেন ওয়াংচুক। জানিয়েছেন, আগামী ২৭ জুনের মধ্যে কেন্দ্র সদুত্তর না দিলে ২৮ তারিখ থেকে দিল্লির যন্তরমন্তরে তিনি অনশন শুরু করবেন। অনির্দিষ্টকালের জন্য অনশন চলবে।
নিটের প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের বিষয়ে কেন্দ্রের গাফিলতির দিকে আঙুল তুলেছে নতুন তৈরি হওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই দলের সমর্থনে আগেও ওয়াংচুককে দেখা গিয়েছে। বৃহস্পতিবার তিনি একটি ভিডিয়োবার্তা প্রকাশ করেছেন। সেখানেই জানিয়েছেন, নিট সংক্রান্ত বিষয়ে তিনি আগামী ২৭ জুন পর্যন্ত অপেক্ষা করবেন। তার মধ্যে যদি সরকারের তরফে কোনও সদুত্তর না-আসে, যদি সরকার কোনও পদক্ষেপ না-করে, তিনি ২৮ তারিখ থেকে অনশনে বসবেন।
সম্প্রতি সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে ফেরার পরেই সমর্থকদের নিট সংক্রান্ত দাবিদাওয়া এবং সরকারের প্রতিক্রিয়া বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছিলেন। সে কথা ভিডিয়োবার্তাতেও উল্লেখ করেছেন লাদাখের পরিবেশকর্মী। জানিয়েছেন, দু’টি বিষয়ে কেন্দ্রের জবাবদিহি চান তিনি। প্রথমটি নিটের প্রশ্নফাঁস দুর্নীতি এবং দ্বিতীয়টি লাদাখের পরিবেশ, সংস্কৃতি রক্ষা, সেখানকার মানুষের উন্নয়ন। সরকারকে এই দুই বিষয়েই দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন ওয়াংচুক। হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, ‘‘শনিবারের মধ্যে দু’টি ক্ষেত্রের কোনওটিতেই আমি যদি সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া না-পাই, আপনাদের সকলের সঙ্গে আমি আবার অনশনে বসব।’’
রামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ তথা পরিবেশকর্মী ওয়াংচুক এর আগেও অনশনে বসেছিলেন। লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘ দিন ধরে তিনি লড়ছেন। জেলও খেটেছেন। এ বার নিটের দুর্নীতির বিরুদ্ধে ফের বড়সড় আন্দোলন শুরুর ইঙ্গিত দিয়ে রাখলেন ওয়াংচুক।