Russian Oil

৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল নিয়ে ভারতীয় জলসীমার অদূরে ঘুরছে নৌবহর! গন্তব্য বদলে দিল্লিমুখী হতে প্রস্তুত মস্কো

হরমুজ় প্রণালী দিয়েই ভারত প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। কিন্তু অশান্ত পশ্চিম এশিয়ায় এই জলপথ দিয়ে জাহাজ যাতায়াত দুরূহ হয়ে উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২০:০৮
তেলবাহী জাহাজ।

তেলবাহী জাহাজ। —ফাইল চিত্র।

ভারতের জলসীমার আশপাশেই রয়েছে রাশিয়ার প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেল। দিল্লি চাইলে ওই তেলের গন্তব্য বদলে ভারতমুখী করে দিতে রাজি মস্কো। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে রয়টার্স। সূত্রের দাবি, তেমন পরিস্থিতিতে কয়েক সপ্তাহের মধ্যেই সেগুলি ভারতে পৌঁছে যেতে পারে।

Advertisement

আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতিতে গোটা পশ্চিম এশিয়া জুড়ে অশান্তি ছড়িয়ে পড়েছে। যার প্রভাব পড়েছে ভারতের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ় প্রণালীতেও। যুদ্ধ পরিস্থিতিতে ওই জলপথ অবরুদ্ধ করে রেখেছে ইরান। সেখান দিয়ে কোনও জাহাজ গেলেই তাতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। বুধবারও একটি জাহাজে হামলা হয়েছে হরমুজ় প্রণালীতে।

বস্তুত, এই জলপথ দিয়েই ভারত প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে। কিন্তু অশান্ত পশ্চিম এশিয়ায় এই জলপথ দিয়ে জাহাজ যাতায়াত দুরূহ হয়ে উঠেছে। হরমুজ় প্রণালী প্রায় অবরুদ্ধ থাকায় বিকল্প ব্যবস্থা খুঁজতে হচ্ছে দিল্লিকেও। কারণ, ভারতে মোট যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, তার প্রায় ৮০ ভাগই আসে বিদেশ থেকে। উদ্ভূত পরিস্থিতিতে মস্কো আগেই জানিয়েছে, তারা ভারতের পাশে দাঁড়াতে প্রস্তুত। রাশিয়া ইতিমধ্যে বলে দিয়েছে, ভারতের জ্বালানি সরবরাহে কোনও সমস্যা হলে রাশিয়া সেই চাহিদা পূরণ করতে তৈরি রয়েছে।

এ বার নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল মস্কো। সূত্রের ভিত্তিতে রয়টার্স জানাচ্ছে, ভারতের জলসীমার আশপাশে পণ্যবাহী জাহাজের একটি বহর রয়েছে। ওই বহরের জাহাজগুলি রাশিয়ার নয়। তবে তাতে রাশিয়ার তেল রাখা আছে। সব মিলিয়ে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেল রয়েছে ওই জাহাজ-বহরে। চাইলে কয়েক সপ্তাহের মধ্যে ভারতে পৌঁছে দেওয়া যেতে পারে। ভারতের জন্য ওই তেলের গন্তব্যপথ বদল করতে তৈরি রাশিয়া, এমনটাই দাবি সূত্রের। তবে ওই জাহাজগুলি তেল নিয়ে কোথায় যাচ্ছিল, তা স্পষ্ট করা হয়নি।

Advertisement
আরও পড়ুন