Trendy Summer Cooler

গত বার ছিল ‘বোবা টি’, এ বারের গরমে কোন কোন পানীয় হাতে নিয়ে ইনস্টাগ্রামে ছবি হিট হবে?

এ বছরও বোবা টি পাওয়া যাচ্ছে রেস্তরাঁ-ক্যাফেতে। তবে তার পাশাপাশি আরও ৫ রকমের পানীয় হাতে ইনস্টাগ্রামে ছবি দিলে আপানর কদর কমবে না বরং লাইকের সংখ্যা খানিক বাড়তে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২১:২৪

ছবি: সংগৃহীত।

গত বছর বোবা টি বা বাবল টি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, বিশেষ করে সমাজমাধ্যমে বোবা টি হাতে ছবি দিয়ে কত জন যে নিজের কেতাদুরস্ততার সাক্ষ্য রেখেছেন, তার ইয়ত্তা নেই। এ বছরও গরম আসন্ন। বাইরে বেরিয়ে গলা ভেজানোর জন্য কফি ছেড়ে ঠান্ডা পানীয় খুঁজছেন মানুষ। এ বছরও বোবা টি পাওয়া যাচ্ছে রেস্তরাঁ-ক্যাফেতে। তবে তার পাশাপাশি আরও ৫ রকমের পানীয় হাতে ইনস্টাগ্রামে ছবি দিলে আপানর কদর কমবে না বরং লাইকের সংখ্যা খানিক বাড়তে পারে। তেমনই কিছু নতুন ধরনের তরতাজা হওয়ার পানীয়ের নাম জেনে নিন।

Advertisement

১. আইসড ব্লসম টি

এখন মানুষ সাধারণ চায়ের চেয়ে ফুলের ফ্লেভারের চা বেশি পছন্দ করছেন। জবা, অপরাজিতা বা চন্দ্রমল্লিকার আইসড টি এখন ভীষণ ‘ট্রেন্ডি’। নীল অপরাজিতা চায়ে লেবু মিশিয়ে বেগুনি রঙ করার ভিডিয়ো তো ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। তা ছাড়া এটি দেখতে যেমন সুন্দর এবং এতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্টও থাকে।

২. ফ্রুট-ইনফিউজড স্পার্কলিং ওয়াটার

সোডার বদলে হালকা কার্বোনেটেড ওয়াটারে তরমুজ, শসা বা বেরি মিশিয়ে তৈরি পানীয় এবার ‘ইন’। এতে চিনি কম থাকে বলে স্বাস্থ্য সচেতনদের কাছে এটি প্রথম পছন্দ। তা ছাড়া ফল দিয়ে সাজানো এই পানীয় ছবি তোলার জন্যও পারফেক্ট!

৩. কোল্ড কফি

আদি এবং অকৃত্রিম। কোল্ড কফি সবসময়ই পছন্দের তালিকার উপর দিকে থাকে। সে টেবিলে জেন জ়ি থাকুক বা মিলেনিয়াল। কোল্ড কফির আবেদন কমে না। তবে এবার মাতামাতি হচ্ছে ভিয়েতনামিজ কোল্ড কফি বা ওট মিল্ক ল্যাটে নিয়ে। কফির সঙ্গে ঘন কনডেন্সড মিল্ক বা ডেইরি ফ্রি মিল্কের এই ফিউশন এখন ক্যাফেগুলোতে হিট।

৪. ফ্লেভারড ঘোল বা মসলা বাটার মিল্ক

পুরানো পানীয় নতুন রূপে ফিরে আসছে। পুদিনা, ধনেপাতা, আর বিট নুনের সঙ্গে হালকা কাঁচা লঙ্কা দিয়ে বানানো ‘মসলা ঘোল’ অথবা বিট বা গোলাপের নির্যাস মেশানো ‘পিঙ্ক লস্যি’ এবার গরমে নজর কাড়তে পারে।

৫. কোরিয়ান পপ কালচার অনুপ্রাণিত ড্রিঙ্কস

বোবা টির রেশ ধরে এবার কোরিয়ান ব্যানানা মিল্ক বা স্ট্রবেরি মিল্কও বেশ জনপ্রিয় হচ্ছে। এগুলো সাধারণত তাজা ফল দিয়ে তৈরি করা হয় এবং খেতে বেশ ঘন আর মখমলের মতো মসৃণ হয়।

Advertisement
আরও পড়ুন