Donald Trump in Podcast

জেডি ভান্সের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রীর পডকাস্টে ট্রাম্প! বই পড়ার সময় পান? সবচেয়ে বেশি কী পড়েন? জানালেন নিজেই

আমেরিকার সেকেন্ড লেডি ঊষার পডকাস্ট অনুষ্ঠানের নাম ‘স্টোরিটাইম উইথ দ্য সেকেন্ড লেডি’। অনুষ্ঠানটি সে দেশে বেশ জনপ্রিয়। সেখানেই অতিথি হিসাবে গিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১০:০৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী উষা ভান্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী উষা ভান্স। ছবি: ভিডিয়ো থেকে।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষার পডকাস্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের পাঠ-রহস্য ফাঁস করেছেন সেখানেই। জানিয়েছেন তিনি সবচেয়ে বেশি কী পড়েন এবং কী পড়তে ভালবাসেন।

Advertisement

আমেরিকার সেকেন্ড লেডি উষার পডকাস্ট অনুষ্ঠানের নাম ‘স্টোরিটাইম উইথ দ্য সেকেন্ড লেডি’। অনুষ্ঠানটি সে দেশে বেশ জনপ্রিয়। প্রতি পর্বে সেখানে কোনও না কোনও অতিথি আসেন এবং শিশুদের ছবির বইয়ের পাতা উল্টে দেখান বা বই পড়ে শোনান। ট্রাম্পেরও তা-ই করার কথা ছিল। কিন্তু বরাবরের মতো এখানেও তিনি উল্টো পথে হেঁটেছেন। প্রথা মানেননি। সেকেন্ড লেডির সঙ্গে খোশগল্পে মেতে উঠেছিলেন প্রেসিডেন্ট। উষা তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব সামলে তিনি আদৌ কি কোনও বই পড়ার সময় পান? ট্রাম্প জানান, বই নয়, তিনি খবরের কাগজ পড়েন।

যে কোনও খবর নয়। নিজের সম্বন্ধে খবর পড়তেই ভালবাসেন মার্কিন প্রেসিডেন্ট। উষার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমি সাধারণত আমার সম্বন্ধে লেখা গল্পগুলো পড়ি।’’

গত জুন মাসেই হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের পডকাস্ট অনুষ্ঠানের রেকর্ডিং করে রাখা হয়েছিল। শুক্রবার তা প্রকাশ করা হয়েছে। ‘প্রেসিডেন্ট্‌স প্লে’ নামে ছোটদের একটি বই তিনি পড়েছেন ওই অনুষ্ঠানে। হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের প্রকাশিত এই বইতে খেলাধূলায় মগ্ন মার্কিন প্রেসিডেন্টের একাধিক ছবি রয়েছে। হোয়াইট হাউস চত্বরে তাঁর অবসর বিনোদনের ছবিও রয়েছে। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে প্রাক্তন প্রেসিডেন্টদের নিয়ে মজার ছলে নানা রকম মন্তব্য করছিলেন ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবিতে কিছু ক্ষণ থমকে যান। ওবামাকে বাস্কেটবল খেলতে দেখা গিয়েছে ওই ছবিতে। ট্রাম্প জানান, ওবামা ভাল বাস্কেটবল খেলোয়াড় ছিলেন কি না, সে বিষয়ে তাঁর সন্দেহ আছে। তবে ওবামার প্রিয় খেলা গল্‌ফ, প্রাক্তন সম্বন্ধে সেই তথ্যও জানা রয়েছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের।

৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে দেশবাসী, বিশেষত শিশুদের উদ্দেশে উষার অনুষ্ঠান থেকেই বিশেষ বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ‘‘আমাদের দেশ মহান। তবে এই দেশ এখন কিছুটা সংবেদনশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনারা জানেন, পরিস্থিতি যে কোনও দিকে মোড় নিতে পারে। কিন্তু আমরা এই দেশকে সঠিক পথে নিয়ে যাব। আমেরিকাকে আমরা আগের চেয়েও মহান করে তুলব।’’

Advertisement
আরও পড়ুন