সুপ্রিম কোর্ট। — ফাইল চিত্র।
বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেল সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা বৃদ্ধি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নির্ধারিত সংখ্যার চেয়ে শীর্ষ আদালতে অতিরিক্ত চারটি বিচারপতির পদ তৈরি করলেন তিনি। শনিবার অধ্যাদেশ জারি করে ওই সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রপতি। ওই মর্মে কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফেও গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগে দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা ছিল ৩৩। এখন বেড়ে হল ৩৭ জন।
সাধারণত সংসদের অধিবেশন থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি পদ তৈরির সিদ্ধান্ত হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে ওই সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখনই সংসদে কোনও অধিবেশন নেই। দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। তাই রাষ্ট্রপতি ওই সিদ্ধান্ত নিয়েছেন। তবে অনেকে মনে করছেন, ভবিষ্যতে সংসদের উভয় কক্ষে এটি পাশ করিয়ে আইনে পরিণত করতে হবে।
সুপ্রিম কোর্ট আইন, ১৯৫৬ অনুযায়ী, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা ৩৩ নির্ধারিত ছিল। নতুন সংশোধনে আরও চারটি পদ তৈরি হল। অর্থাৎ, এখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আরও ৩৬ জন বিচারপতি থাকতে পারবেন। দেশে ক্রমবর্ধমান মামলার চাপ সামলাতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনেকে মনে করছেন। তাঁদের মতে, বর্তমানে সুপ্রিম কোর্টে বিপুল সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। বিচারপতির সংখ্যা বৃদ্ধি হলে সাংবিধানিক বেঞ্চ গঠন, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি এবং মামলার জট কমানোর ক্ষেত্রে সুবিধা হবে।
বর্তমানে সুপ্রিম কোর্টে ৩২ জন বিচারপতি রয়েছেন। নির্ধারিত সংখ্যার চেয়ে একজন বিচারপতি কম রয়েছেন। এখন আরও পাঁচ জনকে নিয়োগ করলে শীর্ষ আদালতে বিচারপতির পদ পূরণ হবে। গত বছর অগস্ট মাসে শেষ বার সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হয়েছিল। তখন গুজরাত হাই কোর্ট থেকে বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলিকে নিয়োগ করা হয়েছিল সর্বোচ্চ আদালতে।