লস্যি নয়, লস্যির মতো পানীয়ই পছন্দ প্রিয়ঙ্কার। ছবি: সংগৃহীত।
মিষ্টি ভালবাসেন না বলিউড ও হলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া। তাই লস্যি একেবারেই না-পসন্দ অভিনেত্রীর। এ দিকে গরম পড়লেই ভারতে লস্যির চাহিদা বাড়ে। লস্যি মানেই দই, জল, মশলা এবং চিনি। লস্যিতে মিষ্টি অনিবার্য। মূলত ভারতের পঞ্জাব অঞ্চলে এর উৎপত্তি হলেও এটি সমগ্র দক্ষিণ এশিয়ায় গ্রীষ্মের পানীয় হিসেবে দারুণ জনপ্রিয়। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেছেন, গরমের সময়ে তিনি ছাস খেতে বেশি পছন্দ করেন। মূলত মহারাষ্ট্রীয় এবং দক্ষিণ ভারতীয় ছাসই তাঁর পছন্দ।
ছাসের অনুরাগী প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
গরমে শরীর ঠান্ডা করতে পারে ছাস। এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। অনেকেরই গরমে হজমের সমস্যা, পেটফাঁপা বা অস্বস্তি বাড়ে। সে ক্ষেত্রে হালকা মশলা দেওয়া ছাস আরাম দিতে পারে। কিন্তু লস্যিতে চিনি থাকে বলে হজমের উন্নতি তেমন হয় না। তবে লস্যির সঙ্গে ছাসের তফাত কেবল মিষ্টিতে নয়। আরও কিছু মশলাপাতিও এদিক-ওদিক করে বানানো হয় ছাস। কী ভাবে প্রিয়ঙ্কার পছন্দের পানীয়টি বানিয়ে খাবেন।
উপকরণ
২ কাপ টকদই
১ চা চামচ জিরেগুঁড়ো
আধ চা চামচ আদা ও কাঁচালঙ্কাবাটা
আধ চা চামচ বিটনুন
১ চা চামচ তেল
এক চিমটে গোটা জিরে
এক চিমটে হিং
২ টেবিল চামচ কুচোনো ধনেপাতা
স্বাদমতো নুন
৪ কাপ ঠান্ডা জল
প্রণালী
টক দই প্রথমেই ফেটিয়ে রেখে দিন। তাতে মিশিয়ে দিন জিরেগুঁড়ো, আদা ও লঙ্কাবাটা, বিটনুন এবং নুন। সব মিশিয়ে ভাল করে ফেটাতে হবে। এর মধ্যে ৪ কাপ ঠান্ডা জল মিশিয়ে ফের ফেটিয়ে নিন। এক পাশে সরিয়ে রেখে দিন। অন্য দিকে কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে ঢেলে দিন। কয়েক সেকেন্ড পরই তাতে হিং মিশিয়ে নেড়েচেড়ে নিন। এ বার ঠান্ডা জলের ওই মিশ্রণের উপর এই ফোড়নটি ঢেলে দিন। শেষে ধনেপাতা ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
গরমে বার বার ঠান্ডা পানীয়ে চুমুক দিতে ইচ্ছা করলে এটি তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। আমেরিকান পপ তারকা নিক জোনাসের স্ত্রী প্রিয়ঙ্কাও তাই লস্যির বদলে ছাসই বেছে নিয়েছেন।