আলিয়ার জন্য মুখ খুললেন সোনি! ছবি: সংগৃহীত।
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই আলিয়া ভট্ট। একটি প্রসাধনী সংস্থার প্রচার দূত হিসাবে সেখানে গিয়েছিলেন আলিয়া। কিন্তু সেখানে নাকি আলিয়াকে অধিকাংশ মানুষ চিনতেই পারেননি। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়ো দেখে অনেকের দাবি করেন, আন্তর্জাতিক চিত্রগ্রাহকেরা নাকি আলিয়াকে তেমন গুরুত্বই দেননি। এর পরেই কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। অবশেষে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজ়দান।
মেয়েকে নিয়ে এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সোনি রাজ়দান সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া দেন, “সমাজমাধ্যমে আসলে ঘৃণার ছড়াছড়ি।” তাঁর মতে, মানুষ খুব সহজেই অন্যকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফেলেন সমাজমাধ্যমে। বিশেষ করে যখন বিষয়টি কোনও জনপ্রিয় ব্যক্তিকে ঘিরে হয়, তখন আর কোনও সীমা থাকে না।
সোনি রাজ়দান আরও একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টের বক্তব্য, ভাইরাল ভিডিয়োর একটি ছোট অংশ দেখে পুরো পরিস্থিতি বিচার করা ঠিক নয়। বাস্তবে আলিয়া কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং তাঁর উপস্থিতি নিয়ে বহু মানুষ গর্বিত। যদিও ট্রোলিং নিয়ে আলিয়া সরাসরি কিছু বলেননি। তবে এক কটাক্ষকারীকে তিনি সপাটে জবাব দিয়েছেন। এক নিন্দক মন্তব্য করেছিলেন, “আপনাকে তো কেউ দেখতেই পেল না ঠিক করে।” তার উত্তরে আলিযা ব্যঙ্গ করে বলেন, “আরে! এই তো, আপনি তো দেখতে পেলেন।”
অনুরাগীও কম নয় আলিয়ার। তাঁরা অভিনেত্রীর উপস্থিতি, পোশাক এবং আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, আলিয়া গত বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথম হেঁটেছিলেন। এ বছর তাঁর দ্বিতীয় বারের উপস্থিতি।