Amit Shah

‘যা প্রত্যাশা করেছিলাম, তার চেয়েও বেশি দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, বড় দায়িত্ব দিয়েছে’! গান্ধীনগরে বললেন শাহ

অমিত শাহ জানান, ৫০ বছরের ‘অপশাসনে পশ্চিমবঙ্গবাসী ক্লান্ত’ হয়ে গিয়েছিল। তাঁরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে আশীর্বাদ করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২১:২৮
অমিত শাহ।

অমিত শাহ। — ফাইল চিত্র।

গুজরাতের গান্ধীনগরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে শোনা গেল পশ্চিমবঙ্গে ভোটজয়ের কথা। একটি কর্মসূচিতে তিনি জানালেন, যা আশা করছিলেন, তার চেয়েও বেশি দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। বড় দায়িত্ব দিয়েছে বিজেপি-কে। ১৯৬৪ সালে গুজরাতও উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে ছিল বলে দাবি করেছেন শাহ। গুজরাতে পুরভোটে বিজেপির জয়েরও প্রশংসা করেছেন তিনি। কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেসকে। শাহ জানান, দেশে ৮০ শতাংশ ভূখণ্ডে এখন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র সরকার।

Advertisement

রবিবার গান্ধীনগরে পুরসভার বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন শাহ। সেখানেই তাঁর মুখে শোনা যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের কথা। তিনি বলেন, ‘‘ভোটের আগে মানুষ জিজ্ঞেস করছিলেন, ফল কী হবে। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, আমরাই জিতব। কিন্তু যা প্রত্যাশা করেছিলাম, মানুষ তার চেয়েও বেশি দিয়েছে। ২০৭টি আসন দিয়েছে বিজেপি-কে। বিজেপির উপরে বড় দায়িত্ব দিয়েছে মানুষ।’’ এর পরেই শাহ জানান, অপশাসনের কারণে দীর্ঘ সময় ধরে ভুগতে হয়েছে পশ্চিমবঙ্গবাসীকে। সেখানে উন্নয়ন হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, ‘‘কেউ যদি ১৯৬৪ সালের গুজরাতের ছবি ধরতে পারতেন, দেখা যেত, আজকের বাংলার তুলনায় সে দিনের গুজরাত দু’নম্বর বেশি পেত।’’

শাহ জানান, গত ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গে কোনও উন্নয়ন হয়নি। তাঁর কথায়, ‘‘একটা টিউবলাইট বা পাখা বা ইট বা সিমেন্ট কিনতে গেলেও শাসকদলকে কমিশন দিতে হত। কোনও গরিব মানুষ পাশের রাজ্য থেকে পাখা কিনে ট্রেনে চেপে এলে ওরা (পূর্বতন শাসকদল) স্টেশনে দাঁড়িয়ে থাকত কর আদায়ের জন্য।’’ তিনি জানান, অতীতের সমৃদ্ধশালী রাজ্যকে ‘এই অবস্থায়’ নামিয়ে আনা হয়েছিল। ৫০ বছরের ‘অপশাসনে রাজ্যবাসী ক্লান্ত’ হয়ে গিয়েছিল বলে জানান শাহ। তাঁরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে আশীর্বাদ করেছেন। বিজেপি-কে সরকার গড়তে সাহায্য করেছেন। তার পরেই শাহ বলেন, ‘‘ভারতের মানচিত্র দেখলে বোঝা যাবে, মা গঙ্গার জন্ম যে উত্তরাখণ্ডে, সেখান থেকে যে গঙ্গাসাগরে সে সমুদ্রে মিশেছে, সেই বাংলাতেও ক্ষমতায় রয়েছে বিজেপি। মাঝে উত্তরপ্রদেশ, বিহারেও রয়েছে বিজেপির সরকার।’’ তিনি আরও বলেন, ‘‘দেশের ৮০ শতাংশ ভূখণ্ডে এখন বিজেপি এবং এনডিএর শাসন। কেন্দ্রে তৃতীয় বার ক্ষমতায় নরেন্দ্র মোদী।’’

এর পরে গুজরাতের বিভিন্ন পুর নির্বাচনে জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানান শাহ। তিনি জানান, ৮৪টি পুরসভার মধ্যে ৭৭টিতেই জয়ী বিজেপি। ৩৪টি জেলায় ভোট হয়েছে। বিজেপি জয়ী ৩৩টি জেলাতেই। ২৬০টি পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ২৫৩টি-তে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি জানান, রাহুল গান্ধীর বোঝা উচিত ছিল, আগামী সাত জন্মে কংগ্রেস ক্ষমতায় আসবে না। আপ দাঁত ফোটাতে পারেনি পুরভোটে বলেও জানান তিনি।

Advertisement
আরও পড়ুন