Colonel Sofiya Qureshi- Vijay Shah

‘যথেষ্ট হয়েছে’! কর্নেল সোফিয়া কুরেশিকে কুমন্তব্যের জন্য মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপে কেন ঢিলেমি, মধ্যপ্রদেশ সরকারকে ধমক সুপ্রিম কোর্টের

সলিসিটর জেনারেল তুষার মেহতা শুক্রবার শীর্ষ আদালতে সওয়াল করে জানান, বিজয়ের মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’। তিনিও ক্ষমাও চেয়েছেন। তার পরেই বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘ওই মন্তব্য শুধু দুর্ভাগ্যজনক নয়, খুবই দুর্ভাগ্যজনক। তাঁর কোনও অনুশোচনাও নেই।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০১:৪৯
— ফাইল চিত্র।

(বাঁ দিকে) কর্নেল সোফিয়া কুরেশি। বিজয় শাহ (ডান দিকে)

কর্নেল সোফিয়া কুরেশিকে কুমন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে কেন এখনও পদক্ষেপ করা হল না! শুক্রবার সেই প্রশ্ন তুলে ওই রাজ্যের সরকারকে ধমক দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘যথেষ্ট হয়েছে’! প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের নির্দেশ, মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা নিয়ে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে মধ্যপ্রদেশ সরকারকে। বছরের শুরুতেই সেই নিয়ে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

সলিসিটর জেনারেল তুষার মেহতা শুক্রবার শীর্ষ আদালতে সওয়াল করে জানান, বিজয়ের ওই মন্তব্য ‘দুর্ভাগ্যজনক’। তিনিও ক্ষমাও চেয়েছেন। তার পরেই বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘ওই মন্তব্য শুধু দুর্ভাগ্যজনক নয়, খুবই দুর্ভাগ্যজনক। তাঁর কোনও অনুশোচনাও নেই।’’ প্রধান বিচারপতি জানিয়েছেন, এই ঘটনায় মধ্যপ্রদেশ সরকার বা বিজয়ের তরফে আর কোনও হলফনামা তারা গ্রহণ করবে না।

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সঙ্গে জড়িয়ে ছিলেন কর্নেল কুরেশি। এই অভিযানের খবর নিয়মিত সংবাদমাধ্যমের সামনেও তুলে ধরেছিলেন তিনি। তাঁর প্রসঙ্গেই বিজেপির মন্ত্রী বিজয় বলেছিলেন, ‘‘যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে হামলাকারীদের শায়েস্তা করেছি। মোদীজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। মোদীজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারেন না। তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন।’’ মন্ত্রীর এমন মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিজয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল (সিট)। তবে সিটের অনুরোধ সত্ত্বেও কী কারণে মামলার ছাড়পত্র দিতে দেরি করা হল, তা নিয়ে গত জানুয়ারি মাসে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট।

Advertisement
আরও পড়ুন