Bihar

ঘুরতে যাওয়াও এখন বিহারের সরকারি কাজ

বিহারের অতিরিক্ত মুখ্যসচিব (প্রশাসন) বি রাজেন্দ্র জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের পরিবারকে নিয়ে দু’দিন, দু’রাতের জন্য নিজেদের জেলা বাদ দিয়ে রাজ্যের অন্য জেলার পর্যটন কেন্দ্রগুলিতে সফর করতে পারবেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৯:৩৩

—প্রতীকী চিত্র।

তিন মাস অন্তর পরিবারকে নিয়ে রাজ্যের বিভিন্নপর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াতে হবে সরকারি কর্মচারীদের। ফিরে এসে রিপোর্ট দিতে হবে পর্যটন কেন্দ্রটির পরিস্থিতি সম্পর্কে। গোটা বিষয়টিকেই দেখা হবে সরকারি কাজ হিসেবে। বিহারের বিজেপি নেতৃত্বাধীন সরকার সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এমনই নির্দেশিকা জারি করেছে।

গত ২০ মে বিভিন্ন দফতরের প্রধান, ডিভিশনাল কমিশনার, জেলাশাসক ও পুলিশ সুপারদের লেখা চিঠিতে বিহারের অতিরিক্ত মুখ্যসচিব (প্রশাসন) বি রাজেন্দ্র জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের পরিবারকে নিয়ে দু’দিন, দু’রাতের জন্য নিজেদের জেলা বাদ দিয়ে রাজ্যের অন্য জেলার পর্যটন কেন্দ্রগুলিতে সফর করতে পারবেন। শুক্র ও শনিবারগুলিতে পর্যটন কেন্দ্রগুলিতে যেতে পারবেন তাঁরা।

বিহারের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভাবে তাৎপর্যপূর্ণপর্যটন কেন্দ্রগুলির কথা উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, ‘‘রাজ্যে এমন সব এলাকা রয়েছে, যেগুলিজাতীয় ও আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে বিকশিত হওয়ার সম্ভাবনা রাখে। এই সব জায়গায় যেতে সরকারি কর্মীদের উৎসাহিত করা এবং সেখানকার সার্বিক উন্নতির জন্য তাঁদের মতামত নেওয়া হলে, তা পর্যটন ও তার পরিকাঠামোর উন্নতি ঘটাবে।’’ সরকারের দাবি, এই প্রক্রিয়ায় স্থানীয় এলাকার অর্থনীতিও শক্তিশালী হবে।

সফরের পরে সরকারিকর্মীদের সংশ্লিষ্ট পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে ছবি-সহ বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। জেলাশাসকদের কিংবা সংশ্লিষ্ট দফতরে জানাতে হবে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। জেলাশাসক, ডিভিশনাল কমিশনারদের দফতরে এ জন্য বিশেষ আধিকারিকদের নিয়োগ করা হবে। চিঠিতে জানানো হয়েছে, পর্যটন কেন্দ্রগুলিতে সরকারি কর্মচারীদের সফরকে সরকারি কাজ হিসেবে ধরা হবে।

আরও পড়ুন