Punjab Blast

পঞ্জাবে বিএসএফের সদর দফতর এবং সেনাছাউনির বাইরে জোড়া বিস্ফোরণ! রাজ্য জুড়ে সতর্কতা জারি

জালন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কউর রনধওয়া জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও জঙ্গি কার্যকলাপ নয় এটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১২:১৭
বিএসএফের সদর দফতরের কাছে স্কুটারে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

বিএসএফের সদর দফতরের কাছে স্কুটারে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

দু’ঘণ্টার ব্যবধানে পর পর দু’টি বিস্ফোরণ হল পঞ্জাবে। তা-ও আবার বিএসএফ এবং সেনা ক্যান্টনমেন্টের কাছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জালন্ধরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদর দফতরের সামনে দাঁড় করানো একটি স্কুটারে বিস্ফোরণ হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনার পর পরই ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিএসএফের সদর দফতরের কাছে দাঁড় করানো স্কুটিতে বিস্ফোরণ হয়। এ রকম একটি স্পর্শকাতর জায়গায় কী ভাবে স্কুটি দাঁড় করিয়ে রেখে গেলেন কেউ, কারও নজরে কেন পড়ল না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুটারে কোনও বিস্ফোরক রাখা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জালন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কউর রনধওয়া জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও জঙ্গি কার্যকলাপ নয় এটি। যদিও সমাজমাধ্যমে পোস্ট করে খলিস্তান লিবারেশন আর্মি (কেএলএ) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

পুলিশ কমিশনার জানিয়েছেন, বিএসএফের সঙ্গে যৌথ ভাবে তদন্ত শুরু হয়েছে। স্কুটারের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের সদর দফতরের বাইরে বিস্ফোরণের দু’ঘণ্টার মধ্যেই অমৃতসরে সেনাছাউনির বাইরেও বিস্ফোরণ হয়। খাসা রোডে সেনাছাউনির বাইরেই এই ঘটনা ঘটে। তার জেরে সেনাছাউনির সীমানাপ্রাচীর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ধাতব কোনও জিনিস সেনাছাউনির পাঁচিলে ছুড়ে মারা হয়েছিল। তার পরই বিস্ফোরণ হয়।

Advertisement
আরও পড়ুন