IPL 2026

বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও

গত বছর যা হয়েছিল এ বারও তাই হল। আইপিএলের প্রথা ভেঙে এ বারও গত বারের জয়ী দলের মাঠে হচ্ছে না ফাইনাল। গত বার বেঙ্গালুরু ট্রফি জিতলেও এ বার ফাইনাল হবে অন্য মাঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১২:৪৪
cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

গত বছর যা দেখা গিয়েছিল এ বারও তাই হল। আইপিএলের প্রথা ভেঙে এ বারও গত বারের জয়ী দলের মাঠে হচ্ছে না ফাইনাল। গত বার বেঙ্গালুরু ট্রফি জিতলেও এ বার ফাইনাল হবে অহমদাবাদে। তার আগের বছর কলকাতা ট্রফি জিতলেও ফাইনাল ইডেনে না হয়ে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এ বছরও ফাইনাল আয়োজনের অক্ষমতার যুক্তি দেখিয়ে ম্যাচ চিন্নাস্বামী থেকে সরানো হয়েছে অহমদাবাদে। এই নিয়ে তিন বার আইপিএলের ফাইনাল আয়োজন করতে চলেছে অহমদাবাদ।

Advertisement

বোর্ড বুধবার একটি বিবৃতিতে প্লে-অফের চারটি ম্যাচের সূচি ঘোষণা করেছে। বেঙ্গালুরু কোনও ম্যাচই পায়নি। সাধারণত ফাইনালের পাশাপাশি একটি ম্যাচ পায় গত বারের বিজয়ী দলের মাঠ। এ বার সেই নিয়মও মানা হয়নি। বোর্ডের যুক্তি, বেঙ্গালুরুতে ফাইনাল হওয়ার কথা থাকলেও বোর্ডের নির্দেশিকা এবং প্রোটোকল মেনে স্থানীয় ক্রিকেট সংস্থা এবং কর্তৃপক্ষের থেকে যে যে জিনিস চাওয়া হয়েছিল তা দিতে তারা অপারগ। তাই প্লে-অফের ম্যাচ অন্যত্র সরানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, পরিচালনাগত এবং যাতায়াতের কিছু সমস্যার কারণে প্লে-অফ মাত্র তিনটি মাঠে রাখা হয়েছে।

বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ মে প্রথম কোয়ালিফায়ার হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়। এলিমিনেটর ২৭ মে, মুল্লানপুরে। ২৯ মে সেই মাঠেই দ্বিতীয় কোয়ালিফায়ার হবে। ৩১ মে ফাইনাল। সেটি হবে অহমদাবাদে।

গত বছর ইডেনে ফাইনাল হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে সপ্তাহখানেক বন্ধ ছিল আইপিএল। পরে যে পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়, সেখানে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে অহমদাবাদে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ সরানো হয়েছিল। যদিও কলকাতার চেয়ে অহমদাবাদ পাকিস্তানের বহু কাছের শহর।

গত বছর বেঙ্গালুরুর ট্রফিজয়ের উৎসবে শামিল হতে গিয়ে চিন্নাস্বামীতে ১১ সমর্থকের মৃত্যু হয়। তার পর সেই মাঠে এ বছর খেলা হবে কি না তা নিয়েই জল্পনা ছিল। শেষ পর্যন্ত অনেক টালবাহানার পর উদ্বোধনী অনুষ্ঠান হয় চিন্নাস্বামীতে। পাঁচটি ম্যাচও সেখানে খেলে ফেলেছে। তারা বাকি দু’টি হোম ম্যাচ খেলবে ছত্তীসগঢ়ের রায়পুরে।

Advertisement
আরও পড়ুন